সিলেটের বিয়ানীবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমদকে (১২) ছুরিকাঘাতে খুন করেছে তামিম আহমদ (১৫), সম্পর্কে তারা ফুফাতো মামাতো ভাই। এ ঘটনায় ছুরিকাঘাতকারী কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ও দুজন মামাতো ও ফুফাতো ভাই। শুক্রবার ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তামিম আম কাটার ছুরি দিয়ে সিয়ামকে আঘাত করলে সে মারা যায়। এ ঘটনায় তামিম আহমদকে আটক করেছে পুলিশ।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি হৃদ্যন্ত্রের কাছাকাছি গিয়ে লাগার ফলে কিশোরের মৃত্যু হয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক খবরের কাগজকে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ছুরিকাঘাতে অন্যজন নিহত হয়েছে। তারা দুজন মামাতো ও ফুফাতো ভাই। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় তামিম আহমদকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। হামলাকারী কিশোর হওয়ায় আমরা তাকে হাতকড়া লাগাইনি এবং অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি। সে কিশোর হওয়ায় তাকে কিশোর শোধনাগারে পাঠানো হবে।
নাঈম/