দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রাত ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি করাতকলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তার স্ত্রী বাড়ির উঠানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে তার ছেলে ঘটনাস্থলে এসে বাবাকে উদ্ধার করেন। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় পড়ে ছিল তার দেহ।
পরে রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার আসল কারণ বের করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
সুলতান/আমান