মাগুরার শ্রীপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন শ্রীপুরের বিলনাথুর গ্রামের সৌরভ (২১)।
গত ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ট্যাম্পুস্ট্যান্ড এলাকা থেকে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সৌরভসহ অপহরণকারীরা।
অভিযোগ, অপহরণের পর তাকে উপজেলার খড়িচাইল গ্রামে কলাবাগানে নিয়ে সৌরভ ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় অপরাধীরা পুরো ঘটনার ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করেন।
পরবর্তীতে ঘটনার কথা কাউকে জানালে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে জিম্মি করে রাখা হয়।
দীর্ঘদিন লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে রাখলেও, গত ১৯ মে স্থানীয়দের মোবাইলে ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে ধর্ষণের সেই ভিডিও ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীর খালু বিষয়টি দেখে পরিবারকে জানালে মেয়েটি পুরো ঘটনার বর্ণনা দেয়।
এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২২ মে শ্রীপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- সৌরভ, অনিক, রানা বিশ্বাস, নয়ন শেখ এবং মো. হুসাইন। তারা সবাই শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, মামলার পর দ্রুত ৫ আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে।
কাসেমুর রহমান/অমিয়/