ফরিদপুরের সদরপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজী সিরাজুল ইসলাম (৬২) বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।
আহত মো. কাজী মাসুদ রানা (৩৬) সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর চাঁদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন পূর্ববিরোধের জেরে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে দুজনই গুরুতর আহত হন।
মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাসুদ রানার চিকিৎসা চলছে।
খবর পেয়ে পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ খবরের কাগজকে জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কেউ থানায় আসেনি। নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনকেবি নয়ন/অমিয়/