আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সব মূল্যসূচক কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৮ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা। লেনদেন কমেছে ১৪২ কোটি ১৫ লাখ টাকা।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু দুপুর ১২টার পর থেকে ঢালাও দরপতন হতে থাকে, যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৫৫টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১২৯টির দাম কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৩টির এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৩টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১টির দাম বেড়েছে। বিপরীতে ২৩টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স তার আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক তার আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ পয়েন্টে নেমে গেছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৮ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা। লেনদেন কমেছে ১৪২ কোটি ১৫ লাখ টাকা।
লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪ লাখ টাকার। ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে টেকনো ড্রাগস, আরডি ফুড, এশিয়াটিক ল্যাবরেটরি, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনসিসি ব্যাংক এবং শাইনপুকুর সিরামিকস।
সোমবার ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২২ বারে ২৮ লাখ ২২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৮ বারে ১৫ লাখ ২৭ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।
৩য় স্থানে থাকা ইস্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৪২ বারে ৬৩ হাজার ২৮৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯১ লাখ টাকা।
অন্যা কোম্পানিগুলোর মধ্যে– সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৯২ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩ দশমিক ৪৯ শতাংশ, নাভানা ফার্মার ৩ দশমিক ১৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৩ দশমিক ১৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮১ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ২ দশমিক ৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এদিন ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৫ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফেয়ারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ। তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফাস ফাইন্যান্স।
এ ছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং, পিপুলস লিজিং, গ্রিনডেল মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১১টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকা।