ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা শিশু রামিসা হত্যা মামলার রায় আজ আম পাড়া নিয়ে ব্যস্ত মৌসুমি শ্রমিকরা মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ বিধিমালা বাতিলের দাবি খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর, আহত ১০
Nagad desktop

জ্বালানি তেলের তীব্র সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিন

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানিসংকট দেখা দিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ সংকটের তীব্রতা লক্ষ করা গেছে। পেট্রলপাম্পগুলোয় দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার চিত্র এখন নিত্যদিনের ঘটনা। চাহিদা অনুযায়ী তেল না পাওয়া ও সরবরাহসংকট–এই দুইয়ের চাপে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। যদিও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক পাম্পেই অকটেন ও ডিজেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগে সিদ্ধান্ত হয়েছে, সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। এ তালিকা থেকে বাদ যাবেন না প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ ছাড়া সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। আবাসিক ভবনে শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ ও অনাবাসিক ভবনে শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। জ্বালানি সাশ্রয়ে এটি একটা ভালো উদ্যোগ।

তীব্র জ্বালানিসংকটে রাইডিং শেয়ারের চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ঈদের পর ঢাকায় ফেরা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তেল সংগ্রহ করতে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। অনেকের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। কৃষিযন্ত্রের জন্য তেল পাওয়া কঠিন হয়ে পড়েছে। সেচযন্ত্রের বড় অংশ চলে ডিজেলে আর কিছু অংশ চলে পেট্রল দিয়ে। কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রয়োজনমতো ডিজেল না পাওয়ায় সেচে যেমন সংকট তৈরি হচ্ছে, তেমনি ফসল কাটা নিয়েও কৃষকরা বিপাকে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানিসংকটের কারণে কৃষি খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দেওয়া জরুরি। এর সঙ্গে খাদ্যনিরাপত্তার বিষয়টিও জড়িত। হাওরাঞ্চলে কৃষিযন্ত্র ব্যবহার করে দ্রুত ধান কেটে ফেলা জরুরি; যাতে আগাম পানি চলে এলে ফসলের ক্ষতি না হয়। চলমান ডিজেলসংকটে উপকূলের জেলেসহ বিভিন্ন ধরনের কর্মে নিয়োজিত ব্যক্তিরা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তেল যেন এখন সোনার হরিণ।

সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকার দাবি থাকলেও নানা অনিয়ম, কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। খবরের কাগজের প্রতিবেদনের তথ্যমতে, রাজবাড়ীতে কীটনাশকের দোকানে মিলেছে ১৮৩ লিটার ডিজেল। এ ছাড়া গোপালগঞ্জ, মেহেরপুর ও রাজবাড়ীতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও জব্দের ঘটনা ঘটেছে। মেহেরপুর প্রতিনিধির তথ্যমতে, তেলবাহী ট্রাক থেকে গোপনে মধ্যরাতে অবৈধভাবে তেল নামানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ তিনজনকে গাংনী থানার পুলিশ হেফাজতে নিয়েছে। প্রশাসনের অভিযানে অনিয়ম ধরা পড়লেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বাজার। ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরূল ইমাম খবরের কাগজকে বলেন, সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানানো হলেও বাস্তব চিত্র যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে, সরবরাহব্যবস্থার ভেতরে কোথাও না কোথাও অসাধু চক্র সক্রিয় রয়েছে। এ পরিস্থিতি ইঙ্গিত দেয় যে তদারকির ক্ষেত্রে সরকারের ঘাটতি রয়েছে। এ রকম পরিস্থিতিতে প্রশাসনিকভাবে আরও কঠোর হওয়া জরুরি। বাজার ব্যবস্থাপনা, সরবরাহ ও বিতরণ; সকল পর্যায়ে কার্যকর নজরদারি বাড়ানো ছাড়া এ সংকট কাটানো কঠিন। আপাতত এর কোনো দ্রুত বিকল্প সমাধানও নেই। আন্তর্জাতিক বাজারে বড় ধরনের সংকট না থাকলে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতায় এমন পরিস্থিতির জন্য দায়ী হতে পারে। তাই বিদ্যমান সম্পদ ও সরবরাহব্যবস্থাকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনা, কঠোর তদারকি এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপরই জোর দিতে হবে।

জ্বালানি তেলের সংকট কাটাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরবরাহ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনতে জ্বালানি খাতের সব প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পরিকল্পনা করে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দেশ থেকে তেল পাচার হয়ে যাওয়া, অবৈধভাবে তেল মজুত করা, আতঙ্ক থেকে অতিরিক্ত তেল কেনার প্রবণতা, কর্তৃপক্ষের তদারকির দুর্বলতা- এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। ফিলিং স্টেশনের মালিকদের তদারকি ও জবাবদিহির আওতায় আনতে হবে। সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো জরুরি। আশা করছি, সরকার দ্রুত সমন্বিত পদক্ষেপ ও কঠোর নজরদারির মাধ্যমে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হবে। 

দেশে তীব্র তাপপ্রবাহ এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:৩২ পিএম
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ। সেই সঙ্গে আগুনে ঘি ঢালতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সক্রিয় হচ্ছে ওশেনিয়া অঞ্চলের আবহাওয়ার বিপজ্জনক ধাপ ‘এল নিনো’। প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে উঠে আসা এই উষ্ণ জলরাশি এবার ‘সুপার এল নিনো’ বা ইতিহাসের অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। ইতোমধ্যে দেশে একের পর এক জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশের কোনো কোনো অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী এল নিনো তৈরি হলে বাংলাদেশে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টিপাতের ঘাটতি, পানিসংকট, ফসলহানি, স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। কারণ বাংলাদেশের অর্থনীতি, কৃষি, খাদ্য উৎপাদন, পানিসম্পদ, জনস্বাস্থ্য এবং শ্রমনির্ভর জীবনযাত্রা সরাসরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। তাই তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এখনই আমলে নিতে হবে। আগাম সতর্কবার্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে।

বৈশ্বিক জলবায়ু চক্রের চেয়েও দেশের ভেতরের মানবসৃষ্ট স্থানীয় বিপর্যয়গুলোই এ দাবদাহকে মানুষের সহ্যক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। দেশে চলমান তীব্র তাপপ্রবাহ ও আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের পেছনে বৈশ্বিক কারণগুলোর চেয়ে স্থানীয় কারণ তথা জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বন উজাড় ও জলাশয় ভরাটকে প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে কৃষকরা এখন ব্যাপকভাবে গভীর নলকূপ ব্যবহার করছেন। এতে সরাসরি উৎপাদন ব্যাহত না হলেও ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে নিচে নেমে যাচ্ছে। এতে সেচ দিতে গিয়ে কৃষকের উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে এখন তাপপ্রবাহ ব্যবস্থাপনার জন্য পৃথক নীতি, আগাম সতর্কবার্তা, নগর পরিকল্পনা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি হাতে নিতে হবে।

জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকটই নয়, এটি জনস্বাস্থ্যসংকটে পরিণত হয়েছে। বাংলাদেশ তাপপ্রবাহের ভয়াবহতা উপলব্ধি করেছে ২০২৪ সালে। সেই সময়টাতে অনেক অঞ্চলে স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়েছিল। হাসপাতালে হিটস্ট্রেকা ও পানিশূন্যতার রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নিম্ন আয়ের মানুষ। এ সময়ে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় মানুষ অনবরত ঘামছে এবং গরম বেশি অনুভূত হচ্ছে। এর ফলে মেগাসিটির বস্তিবাসী ও রিকশাচালক, হকার বা দিনমজুরের মতো শ্রমজীবী মানুষের ভোগান্তি বহু গুণ বেড়েছে। সারা দেশেও কয়েক দিন ধরে গরমের তীব্রতা বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিকমতো কাজ করছে না অনেকের। এতে হিট স্ট্রোকের আশঙ্কা দেখা দিচ্ছে। এ সময়ে ডায়রিয়া, বমি, টাইফয়েড, আমাশয়, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগও দেখা দিচ্ছে।

বাংলাদেশে গত কয়েক বছরে তাপপ্রবাহের গতি প্রকৃতি দ্রুত বদলে গেছে। এ ধরনের প্রচণ্ড তাপপ্রবাহ বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সেই সঙ্গে সরকারকে তাপপ্রবাহ মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। গণমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালাতে হবে। তাপমাত্রা কমাতে নগরাঞ্চলে সবুজ বনায়ন অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে। তাই এখনই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে।

সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করুন কোরবানির চামড়া বিক্রিতে ধস

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০২:৫২ পিএম
কোরবানির চামড়া বিক্রিতে ধস

তৈরি পোশাকশিল্পের পর দ্বিতীয় বৃহত্তর সম্ভাবনাময় খাত হচ্ছে চামড়াশিল্প। অথচ এই খাতটি অবহেলার শিকার। নানা সমস্যায় জর্জরিত এ শিল্প নিয়ে সরকারের কোনো দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও পরিলক্ষিত হয়নি। এবার ঈদুল আজহার প্রাক্কালে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস এবং স্থানীয় প্রশাসনের তদারকিও কাজে আসেনি। খবরের কাগজের ব্যুরো অফিস, প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদকদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্যে জানা যায়, কোথাও কোরবানির চামড়ার ন্যায্য দাম মেলেনি। ঈদুল আজহার আগে শিল্পমন্ত্রী কয়েক দফায় গণমাধ্যমে আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবার চামড়ার বাজারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। চামড়া সরকারনির্ধারিত দামেই বিক্রি হবে। মাঠপর্যায়ে কোথাও যেন অনিয়ম না হয়, সে জন্য প্রশাসন কঠোর নজরদারি করবে। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য বাজারে প্রচুর পরিমাণে লবণ সরবরাহ করা হয়েছে। এমনকি চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। অথচ মাঠের বাস্তব চিত্র ছিল ভিন্ন।

ঈদের দিনে পাইকারি আড়তগুলোতে চরম মন্দাভাব দেখা যায়। রিকশাভ্যান ও ট্রাকে করে চামড়া নিয়ে আসা কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিপাকে পড়ে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকারনির্ধারিত দামে আড়তদাররা চামড়া কিনছেন না। তারা সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে চামড়া কিনছেন। কোরবানির চামড়ার বাজারে আকর্ষিক এই দরপতনে তাদের দিশেহারা অবস্থা। নিরুপায় হয়ে চামড়া সংগ্রহকারীরা আড়তের সামনে চামড়া ফেলে রেখে চলে গেছেন। কিছু কিছু এলাকায় চামড়া মাটিতে চাপা দেওয়ার ঘটনাও ঘটেছে। আবার কোথাও ক্রেতা না পেয়ে অনেকে চামড়া রাস্তায় ফেলেও দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এক যুগ ধরে কোরবানির চামড়ার বাজারে চরম অস্থিরতা চলছে। প্রতিবছর একটি নির্দিষ্ট সিন্ডিকেট কৌশলে সক্রিয় হয়ে ওঠে। এই সিন্ডিকেট সরকারের বেঁধে দেওয়া দামকে তোয়াক্কা করে না। তারা অনেক কম দামে চামড়া কেনে। ফলে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। মূলত সঠিক সংরক্ষণের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। চামড়ার বাজারের এই অস্থিরতা দূর করতে শিল্প মন্ত্রণালয় একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনেও সরকারি উদ্যোগে চামড়া সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কারখানাগুলোর অব্যবহৃত জায়গায় সংরক্ষণ কেন্দ্র করা সম্ভব। এসব কেন্দ্রে আশপাশের এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সহজেই সংরক্ষণ করা যাবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, প্রতিবছর কোরবানির পশুর চামড়া কেনাবেচা নিয়ে চরম নৈরাজ্য হয়। সরকারকে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। সরকার বিভাগীয় শহরগুলোতে বিসিকের শিল্পপ্লট ব্যবহার করতে পারে। সেখানে চামড়া সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা সম্ভব। মৌসুমি ব্যবসায়ী ও কোরবানিদাতারা চামড়া কেনার পর সেখানে তা সংরক্ষণ করবেন। পরবর্তী সময় ভালো দাম পাওয়া গেলে আড়তদার ও ট্যানারিমালিকদের কাছে তা বিক্রি করা যাবে। এতে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না। একই সঙ্গে কম দামে দ্রুত চামড়া বিক্রি করার লোকও থাকবে না।

প্রতিবছর কোরবানির পশুর চামড়া নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়, তাতে চামড়ার ন্যায্য দাম নিশ্চিত হয় না। সেই সঙ্গে কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া নিয়ে চরম ভোগান্তিতে পড়ে। অথচ একসময় কোরবানির মৌসুমে ছাগল, বকরি ও খাসির চামড়া ছিল গ্রামের দরিদ্র মানুষ, মাদ্রাসা ও মৌসুমি ব্যবসায়ীদের বাড়তি আয়ের অন্যতম উৎস। সেই চামড়া এখন অনেকের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে রপ্তানিযোগ্য এই অর্থকরী পণ্যের বড় একটি অংশ অর্থনীতির বাইরে চলে যাচ্ছে। তাই সংকট উত্তরণে সরকারকে টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এবার চামড়ার বাজারে যে ধস লক্ষ করা গেছে, তা যেন পরবর্তী সময়ে না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে যারা সিন্ডিকেট করে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করছি, সরকার চামড়ার নৈরাজ্য দূরীকরণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে।

অবহেলায় নিঃসঙ্গ মায়ের মৃত্যু সচেতনতার সঙ্গে সরকারি উদ্যোগও প্রয়োজন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:২১ পিএম
সচেতনতার সঙ্গে সরকারি উদ্যোগও প্রয়োজন

ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই সচেতন মানুষকে স্তম্ভিত করে দিয়ে একটা খবর আমাদের সামনে চলে এসেছে। খবরটি যেমন মর্মান্তিক, তেমনি পারিবারিক-সামাজিক অবক্ষয় এবং অমানবিকতার চূড়ান্ত বলে মনে করার যথেষ্ট কারণ আছে। প্রায় দেড়-দুই বছর ধরে নানা অমানবিকতার খবর ক্রমাগত আমাদের বেদনার্ত ও বিমূঢ় করে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে নানা ক্ষেত্রে দেখা গেছে দুঃসহ নৈরাজ্য। শিক্ষক নিগ্রহ থেকে শুরু করে আমাদের যেসব উল্লেখযোগ্য ‘অর্জন’ রয়েছে, তার ওপর আক্রমণ চালিয়েছে একশ্রেণির উগ্র মানুষ। পারিবারিক ও সামাজিক মূল্যবোধে বড় ধরনের চিড় ধরেছে। এরই সর্বশেষ প্রকাশ দেখা গেল মিরপুরে এক মায়ের মৃত্যুকে কেন্দ্র করে।
গণমাধ্যমের খবর অনুসারে, এক মা নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। সাত দিন ধরে তার মরদেহ একটা ঘরে পড়ে ছিল। মরদেহ পচে-গলে গেলে তা পোকায় খেয়েছে। কেউ তার খোঁজ নেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, এই মায়ের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়ে ও মেয়ের জামাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এক ছেলে থাকেন বিদেশে। এদের কেউই এই হতভাগা মায়ের খোঁজ নেননি। শেষবারের মতো কোনো সন্তানকে তিনি কাছে পাননি, অথচ উল্লিখিত সন্তানদের কেউ কেউ একই শহরে, অর্থাৎ ঢাকাতেই থাকেন।  
এ ঘটনা শুধু অমানবিক নয়, চূড়ান্ত অর্থে অমানবিক। এ রকম ঘটনা আমাদের পারিবরিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ফেলেছে। আইনের দিক থেকেও এ ঘটনার জন্য সন্তানরা দায়ী এবং অপরাধী। সন্তানদের এই অবহেলা আসলেই অপরাধ কি না, অনুসন্ধান করতে গিয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একটি আইন আমরা দেখেছি। আইনটির শিরোনাম হচ্ছে: ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ (২০১৩ সালের ৪৯ নম্বর আইন)’। এই আইনে বলা হয়েছে, ‘প্রত্যেক সন্তানকে তাহার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিতে হইবে। এই ধারার অধীন পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিবার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একই সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করিতে হইবে। প্রত্যেক সন্তান তাহার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখিবে, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করিবে। পিতা বা মাতা কিংবা উভয়, সন্তান হইতে পৃথকভাবে বসবাস করিলে, সেই ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাহার, বা ক্ষেত্রমত তাহাদের সহিত সাক্ষাৎ করিতে হইবে।’ 
আমাদের সৌভাগ্য যে এ রকম একটি আইন ২০১৩ সালে প্রণয়ন করা হয়েছিল। পূর্বাভিজ্ঞতা থেকেই যে আইনটি প্রণয়ন করা হয়েছিল, তা বোঝা যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এ রকম একটা যুগোপযোগী, পিতা-মাতার প্রতি কর্তব্যবোধ এবং তাদের জীবন নির্বিঘ্ন করার আইন থাকা সত্ত্বেও অনেক পিতা-মাতাকে শেষ জীবনে দুর্বিষহ জীবন নির্বাহ করতে হয়। এই মায়ের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। আমরা মনে করি, এ রকম অমানবিক ঘটনা এবং পারিবারিক-সামাজিক অবক্ষয়কে রোধ করার ক্ষেত্রে আমাদের উদ্যোগী হতে হবে। রাষ্ট্রের যে আইন আছে, সেই আইন প্রয়োগের মাধ্যমেই সেটা অনেকটা নিশ্চিত করা সম্ভব।

এখানে আমরা একটা প্রস্তাব রাখতে চাই। যেহেতু এটা পারিবারিক-সামাজিক সমস্যা, সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করে পরামর্শমূলক এবং প্রয়োজনে আইন প্রয়োগের বিষয়ে উদ্যোগী হতে পারে। পৃথিবীর অনেক দেশে এ ব্যবস্থা আছে, যেখানে সমাজকল্যাণে নিযুক্ত আলাদা কর্তৃপক্ষ এ ধরনের পারিবারিক সমস্যার সমাধান দিয়ে থাকে। বাংলাদেশের নতুন সরকার যুগোপযোগী পরিবর্তনের ধারায় নিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে যেভাবে দেশ শাসন করছে, তাতে তারা এই উদ্যোগ গ্রহণ করতে পারে। সেই সঙ্গে প্রয়োজন সচেতনতা সৃষ্টি। সেই উদ্যোগও গ্রহণ করতে পারে সরকার।

সামগ্রিকভাবে পারিবারিক বন্ধন, সংহতি ও শান্তি প্রতিষ্ঠা ছাড়া কোনো জনগোষ্ঠী সুসভ্য হওয়ার দাবি করতে পারে না। এ বিষয়ে সব সময় আমাদের সবার সচেতন থাকতে হবে। পিতা-মাতার প্রতি আমাদের কর্তব্যবোধ হওয়া উচিত আরও গভীর এবং শর্তহীনভাবে নিবেদিত। কারণ তারা শুধু আমাদের জন্মদাতা ও জন্মদাত্রী নন, তারা আমাদের লালন-পালন করে জীবনে প্রতিষ্ঠিত করে থাকেন। সন্তানের কল্যাণে তাদের ত্যাগের মূল্য অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। প্রতিদান হিসেবে একইভাবে তাদের প্রতি আমাদের কর্তব্যবোধও সবকিছুর ঊর্ধ্বে থাকা বাঞ্ছনীয়।   

ফুটওভারব্রিজে মরণফাঁদ দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা কাম্য

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:২৭ পিএম
দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা কাম্য

ফুটওভারব্রিজ পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো পরিণত হয়েছে মরণফাঁদে। খবরের কাগজের সরেজমিন প্রতিবেদনের তথ্যমতে, রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ফুটওভারব্রিজের পাটাতন ও সিঁড়িতে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। কোথাও লোহার পাত উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বিপজ্জনক গর্ত। অনেক ব্রিজের লোহার কাঠামো মরিচা ধরে ক্ষয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ একাধিক ফুটওভারব্রিজে ভয়াবহ অব্যবস্থাপনা, দখল, ভাঙাচোরা অবকাঠামো এবং চরম নিরাপত্তাহীনতার চিত্র উঠে এসেছে। বছরের পর বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব ব্রিজ এখন সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রায়ই পথচারীদের হাত-পা কেটে আহত হওয়ার ঘটনা ঘটছে। নারী, শিশু ও বয়স্কদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাজধানীর অধিকাংশ ফুটওভারব্রিজ রাতে ছিনতাইকারী, মাদকসেবী ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যায়। সন্ধ্যার পর থেকেই অনেক ব্রিজে শুরু হয় মাদকসেবীদের আড্ডা। এতে সাধারণ পথচারীদের নিরাপদে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে নির্জন ও অল্প আলোযুক্ত ব্রিজগুলোতে একা চলাচল করা নারী, শিক্ষার্থী ও অফিসফেরত মানুষকে টার্গেট করছে ছিনতাইকারীরা। মোবাইল ফোন, টাকা-পয়সা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হামলার ঘটনাও ঘটছে। কোথাও ছুরিকাঘাত, আবার কোথাও অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এসব ফুটওভারব্রিজ কার্যত সমাজবিরোধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শুধু মাদক সেবনই নয়, অসামাজিক কর্মকাণ্ডের স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। অনেক ব্রিজ এখন ভবঘুরেদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ফলে সন্ধ্যার পর অধিকাংশ মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সরাসরি সড়ক পার হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

ফুটওভারব্রিজগুলোর বেহাল অবস্থার বিষয়ে দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা অবগত আছেন বলে জানিয়েছেন। তারা বলছেন, সিটি করপোরেশন একা সবকিছু ঠিক রাখতে পারে না। মানুষ সচেতন না হলে এসব উদ্যোগ সফল হয় না। নিয়মিত পোস্টার লাগানো, ময়লা-আবর্জনা ফেলা, ফুটওভারব্রিজের বিভিন্ন অংশ নষ্ট করা, এমনকি সিসিটিভি ক্যামেরা ও লাইট চুরি হওয়ার ঘটনাও ঘটছে প্রতিদিন। তাই নাগরিক সচেতনতাও জরুরি।

নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান খবরের কাগজকে বলেন, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ শহরের ফুটওভারব্রিজ যদি এমন বেহাল হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা বলে আর কিছু থাকে না। নগরবাসীর জন্য ফুটওভারব্রিজ করা হলো, কিন্তু তদারকি ও সংস্কারের অভাবে সেগুলো এখন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল! বছরে এত এত প্রকল্পের বরাদ্দ হচ্ছে কিন্তু মানুষের কাঙ্ক্ষিত সেবা মিলছে না কেন? এর জবাব দায়িত্বপ্রাপ্তদের দেওয়া প্রয়োজন। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ চিহ্নিতকরণের মাধ্যমে সেগুলো সংস্কার করে নগরবাসীর চলাচলের উপযোগী করা প্রয়োজন।

ফুটওভারব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ফুটওভারব্রিজের কার্যকর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলাচলে ভোগান্তির কারণে মানুষ এখন এটি ব্যবহার করতে অপারগ। ঝুঁকি নিয়ে সরাসরি রাস্তা পারাপারের প্রবণতা তাই বাড়ছে। এতে করে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাই এ জনগুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে আমলে নিয়ে নগরবাসীর চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে রাজধানীর ফুটওভারব্রিজ। সেই সঙ্গে জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ঈদুল আজহার দিনগুলো বিড়ম্বনার মধ্যেও স্বস্তিতে কেটেছে

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:১৭ পিএম
বিড়ম্বনার মধ্যেও স্বস্তিতে কেটেছে

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর জনজীবন ও দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ঈদের সময়ে জনচলাচলে দেখা দেয় চাঞ্চল্য এবং সাময়িক স্থানান্তরের ঘটনা। অধিকাংশ মানুষ নগরজীবনের কর্মস্থল বা কাজের জায়গা ছেড়ে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে আবার ফিরে আসেন কর্মক্ষেত্রে। পাশাপাশি ঈদকে ঘিরে মানুষের কেনাকাটা এবং বাণিজ্যও জমে ওঠে। বাজারকেন্দ্রিক ব্যবসায়ীদের জন্য ঈদই হচ্ছে ব্যবসা-বাণিজ্যের সুবর্ণ সময়। কিন্তু বরাবর ঈদকে কেন্দ্র করে যেসব সমস্যা দেখা দেয়, এবার তাও দেখা গেছে। তবে তুলনামূলকভাবে তা ছিল কম।  
ঈদে প্রধান যে উদ্বেগ বাড়িমুখী মানুষের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে কর্মস্থল ছেড়ে বাড়িতে পৌঁছানো এবং বাড়ি থেকে আবার কর্মস্থলে ফেরা। বেশি ভোগান্তি হয় বাড়িতে যাওয়ার সময়। সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের এবারও বড় বড় শহর, যেমন ঢাকা ও চট্টগ্রাম থেকে বাড়িতে যেতে অনেক কষ্ট করতে হয়েছে। বেশ কয়েকটি বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, ঈদের আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। খোদ রাজধানীতে ঈদের ছুটিতে ৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। আইনশৃঙ্খলা বাহিনী ও  সরকারের পক্ষ থেকে সচেতন করা সত্ত্বেও এসব দুর্ঘটনা ঘটেছে, যা ছিল অনভিপ্রেত। রাস্তায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ছাড়া সড়ক দুর্ঘটনা থেকে মৃত্যুর ঝুঁকি কখনো কমে না। এখনো যারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন তাদের প্রতি আমরা এই আহ্বান জানাচ্ছি যাতে তারা কর্মস্থলে নিরাপদে ফিরতে পারেন।

পশুর হাটেও ছিল নৈরাজ্য। গণমাধ্যমের খবরে দেখা যায়, কোথাও কোথাও ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পাওয়া ইজারাদারদের লোক পথ আটকে ব্যাপারীদের অনেকটা জোর করে নিজেদের হাটে নিয়ে গেছেন। তবে সবচেয়ে বড় বিড়ম্বনার ঘটনাটি ঘটেছে ঢাকায়। উত্তরার মেট্রোরেলের জায়গায় হাট বসানো হয়েছে, দুই দিন এটা চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সেই হাট উত্তর সিটি করপোরেশন ভেঙে দেয়। কিন্তু ততক্ষণে বর্জ্যে পুরো এলাকা সয়লাব হয়ে যায়। পরিচ্ছন্ন মেট্রো এলাকা রীতিমতো পরিণত হয় ভাগাড়ে। পরে পরিচ্ছন্নতা অভিযান চললেও তা যে আশানুরূপ ছিল না প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্জ্য কতটা অপসারিত হয়েছে, নিজের চোখে দেখার অভিজ্ঞতা থেকে তার ইঙ্গিত মেলে।  
প্রধানমন্ত্রী কাউকে কিছু না জানিয়ে নিজে ৪ ঘণ্টা গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শন জনগণের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দেয় এবং মানুষ তাকে স্বাগত জানান।

কোরবানি ঈদের অর্থনীতি মূলত আবর্তিত হয় চামড়া ব্যবসাকে কেন্দ্র করে। সেই ব্যবসা গতবারের তুলনায় আরও মন্দা গেছে বলে চামড়ার খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম সরকার গত বছরের চেয়ে এবার ২ টাকা বাড়িয়েছিল। কিন্তু রাজধানীতে সেই দামে চামড়া বিক্রি হয়নি। ময়মনসিংহের চামড়ার হাট শম্ভুগঞ্জ কিংবা দক্ষিণাঞ্চলের বৃহত্তর রাজারহাটে পর্যাপ্ত চামড়া থাকলেও বিক্রি না হওয়ায় চরম হতাশায় দিন কাটান চামড়া নিয়ে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বরিশালসহ সারা দেশের চামড়ার বাজারের চিত্র ছিল একই।
ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গন ছিল সমালোচনায় মুখর। সেখানে একশ্রেণির ধর্মান্ধ শিক্ষার্থীর আপত্তির মুখে প্রশাসন পূর্বানুমতি নেওয়া ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেয়। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সেন্সর ছাড়পত্র পাওয়া এবং ঢাকার প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরও কেন প্রদর্শনীটি বন্ধ করা হলো, তাই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী নিজেও যে চলচ্চিত্র দেখেছেন, সেই চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করা ছিল অভূতপূর্ব একটা ঘটনা।  এ রকম হতাশার মধ্যেও স্বস্তির দিকটা ছিল প্রধানমন্ত্রীর রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিজের চোখে ঘুরে দেখার বিষয়টি। 
টানা ৭ দিন ছুটির পর আজ অফিস-আদালত খুলেছে। রাজধানী ঢাকা আবার কর্মমুখর হয়ে উঠবে। বাণিজ্যিক কেন্দ্র ও বড় বাজারগুলো ধীরে ধীরে আবার সরব হবে। অন্য সময়ের মতো ঢাকা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। সে রকম পরিস্থিতিতে সারা বছর সবার জীবনযাপন স্বস্তির হোক, আনন্দমুখর হোক।