নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা ও কটূক্তির অভিযোগে ফাহিম তাকরিম নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
ফাহিম তাকরিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।
অফিস আদেশে বলা হয়, ‘ফাহিম তাকরিমকে পরিসংখ্যান বিভাগ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা ও কটূক্তির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নোবিপ্রবির শৃঙ্খলা বোর্ডের ৩৮তম সভা ও ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৬৮তম সভার সিদ্ধান্তক্রমে নিম্নোক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।’
শাস্তি হিসেবে শিক্ষার্থীর ক্ষমাপ্রার্থনার আবেদনের তারিখ (১৮ আগস্ট ২০২৫) থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিলের জন্য প্রভোস্ট মহোদয়কে সুপারিশ করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে বা যে কোনো ধর্মের প্রতি কোনো রূপের অবমাননায় কেউ দোষী সাব্যস্ত হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট অভিযুক্ত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম তাকরিমের মেসেঞ্জার কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আল্লাহ, মহানবী (সা.), উম্মুল মুমিনীন আয়েশা (রা.) এবং পবিত্র কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। পরবর্তীতে ঐ শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে।
কাওসার/রিফাত/