রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেয়েদের হলে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রাধ্যক্ষের ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রহমাতুন্নেসা হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমাত আরা বেগমের অনুপস্থিতিতে তার কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে হলের মেয়ে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।
রহমতুন্নেসা হল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রাধ্যক্ষের বোন ও তার দুই ছেলে হলে ঘুরতে আসে। এক পর্যায়ে দুই ছেলের মধ্যে স্কুটির (বৈদ্যুতিক মোটরসাইকেল) চাবি নিয়ে ঝগড়া হয়। তখন প্রাধ্যক্ষের বড় ছেলে অফিস কক্ষে গিয়ে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন তাকে আটকায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) মহিলা বিষয়ক সম্পাদক ও রহমাতুন্নেসা হলের শিক্ষার্থী সৈয়দা হাফসা বলেন, গতকালের ঘটনা নিয়ে প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ আজকে হলে আলোচনা করা হয়েছে। হলের শিক্ষার্থীরা তাদের মতামত জানিয়েছেন। প্রাধ্যক্ষ ম্যামের ছেলে ছোটবেলা থেকেই মানসিকভাবে একটু অসুস্থ। এ ঘটনায় প্রাধ্যক্ষ দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন।
তবে ঘটনার বিষয়ে জানতে রহমাতুন্নেসা হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমাত আরা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, প্রাধ্যক্ষের ছেলে আসলেই অসুস্থ ছিল। ভুল বোঝাবুঝির কারণে সবার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আজকে আমরা এটা নিয়ে হলে বসেছিলাম এবং বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
শাকিবুল হাসান/নাঈম