জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগত দুষ্কৃতিকারীর টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১২ মে) রাত এগারোটার দিকে পুরাতন ফজিলতুন্নেছা হলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আক্রান্ত ছাত্রীর প্রতিরোধ ও চিৎকারে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
ঘটনার পর উপাচার্যের সঙ্গে জাকসু নেতৃবৃন্দ, সাধারণ নারী শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে তিনটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উত্থাপন করেন। প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে এবং অন্যান্য দাবি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
উপাচার্য জানান, ইতোমধ্যে অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও র্যাব তৎপর রয়েছে। ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীর নির্মাণ, পাঁচটি পুলিশ চেকপোস্ট স্থাপনসহ বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আমানউল্লাহ খান/এসএন