দেশের প্রান্তিক কৃষকদের বহুমুখী আর্থিক সেবা দিতে দেশের শীর্ষস্থানীয় অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই যৌথ উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে কাজে লাগিয়ে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন রকম আর্থিক সেবা নিশ্চিত করা হবে, যা কৃষিতে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে ভূমিকা রাখবে।
ব্র্যাক ব্যাংকের বিস্তৃত এসএমই ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে এবং পেট্রোকেমের ইনপুট রিটেইলারদের সহযোগিতায় কৃষকরা ডিজিটাল ক্ষুদ্রঋণ নিতে পারবেন। ফলে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ অর্থায়ন সুবিধা নিশ্চিত হবে, যা কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ের উন্নয়নে অবদান রাখবে।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং পেট্রোকেমের এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ সারথি রায় এই চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রান্তিক ও ক্ষু্দ্র কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টির ওপর জোর দিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, কৃষকদের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করে সাফল্যে অর্জনে ভূমিকা রাখা। আমাদের ব্যাংকিং সেবা এবং পেট্রোকেমের কৃষি-দক্ষতার সমন্বয়ে আমরা কৃষকদের জন্য ফলপ্রসূ কিছু করতে চাই। আমরা বাংলাদেশের কৃষিখাতের এসএমই উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী ও টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে চাই।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোকেমের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অসীম কুমার সাহা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং হেড অব এমএফআই অ্যান্ড অ্যাগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়। তারা বাংলাদেশের প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আর্থিক খাতে ব্র্যাক ব্যাংকের দক্ষতা এবং কৃষিখাতে পেট্রোকেমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৃষিখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সর্বোপরি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে অবদান রাখা এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ব্র্যাক ব্যাংক পিএলসি:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৯টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সেবা দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করায় এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
বিজ্ঞপ্তি/মাহফুজ