দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারও এনটিভিতে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো "কনকা সেরা পরিবার"। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এ অনুষ্ঠান এবার আসছে সিজন-৪ নিয়ে।
নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ আরও নতুন সংযোজন।
সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট অফিসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে কনকার প্রোডাক্ট সম্পর্কিত তথ্য সহযোগে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার।
তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা কনকা ব্র্যান্ড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে এখন কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহৃত হচ্ছে। এর সব কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। কনকার পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে এটি দেশের গ্রাহকদের প্রথম পছন্দ।
তিনি আরও বলেন, বর্তমানে কনকার রেফ্রিজারেটর, ফ্রিজার ও সিলিং ফ্যান বাংলাদেশে তৈরি হচ্ছে। এ ছাড়া কনকার এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেশার কুকার, রাইস কুকার, ইলেকট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সের যন্ত্রাংশ আমদানি করে অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে উৎপাদন করা হয়।
সবশেষে তিনি "কনকা সেরা পরিবার সিজন-৪" শুরুর নেপথ্যের ভাবনা উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে ভাগাভাগি করে বলেন, “কনকার পণ্য যেসব পরিবারে পৌঁছেছে, তাদের সবাইকেসহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টারই সামান্য অংশ ‘কনকা সেরা পরিবার সিজন-৪’। এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নুরুল আফছারের বক্তব্যের পর সিজন-৪ এর লোগো উন্মোচন এবং থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি ও প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— চায়না থেকে আসা বিশেষ অতিথি রিড, সেলস ডিরেক্টর এবং লেস্টার, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস), কনকা এশিয়া রিজিয়ন; ইলেকট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও নুরুল আজিম সানি; জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী; এনএসএম-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন; বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি/মেহেদী/