মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর ক্যাম্পেইনে পাঁচজন বিজয়ী পবিত্র উমরাহ পালন করতে গিয়েছেন।
সোমবার (১৫ জুন) রাত ৩টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা জেদ্দার উদ্দেশ্যে রওনা হন।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তারা জেদ্দায় অবতরণ করেন। তাদের উমরাহ পালনের যাবতীয় ব্যয় ‘নগদ ইসলামিক’-এর পক্ষ থেকে বহন করা হবে।
বিজয়ীরা হলেন- ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকার কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।
উমরার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. জুবায়ের হোসেন বলেন, ‘অটোরিকশা চালিয়ে উমরাহ করার স্বপ্ন আমার জন্য বিলাসিতা ছিল। নগদের এই উদ্যোগের কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আল্লাহ এই অযোগ্য বান্দাকে কবুল করেছেন’।
আরেক বিজয়ী লালমনিরহাটের মো. মানিক বলেন, ‘দিনভর রোদ-বৃষ্টিতে মাঠে কাজ করি, কখনো ভাবিনি এই পরিশ্রমে অর্জিত আয় দিয়ে নগদে লেনদেন করে পবিত্র কাবা শরিফ দেখার সুযোগ পাব। নগদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।’
গত সোমবার নগদ অফিসে আয়োজনের মাধ্যমে পাঁচজন বিজয়ীকে তাদের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, ‘সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র উমরাহর এমন সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা অবশ্যই গৌরবের।’
তিনি আরও বলেন, 'নগদ ইসলামিক শুধু একটি লেনদেনের মাধ্যম নয়, বরং গ্রাহকদের ধর্মীয় অনুভূতি ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম। এই পাঁচজন ধর্মপ্রাণ মানুষ যখন পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন, সেই আনন্দের অংশীদার পুরো নগদ পরিবার। আগামীতেও আমাদের গ্রাহকদের জন্য এ ধরণের আধ্যাত্মিক ও কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে'।
উল্লেখ্য, উমরাহ যাত্রার এই ক্যাম্পেইনটিতে গ্রাহকদের সম্পৃক্ততা ছিল স্বতঃস্ফূর্ত। রমজান মাসে চলা এ ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীরা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন বাদে অন্যান্য মাধ্যমে ন্যূনতম তিন হাজার টাকা লেনদেন করেই এ উমরাহ প্যাকেজ জেতার সুযোগ পেয়েছিলেন। দেশজুড়ে লাখো গ্রাহকের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত লেনদেনের শর্ত পূরণ করে এই পাঁচজন বিজয়ী হন।
থিও