বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে কামাল হোসেন অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামাল হোসেন জেলার মোরেলগঞ্জ পৌর এলাকার সাংকিভাঙ্গা গ্রামে মোখলেছুর রহমানের ছেলে।
তার মৃত্যুর বিষয়ে জেলার আবদুল্লাহেল আল আমিন খবরের কাগজকে মোবাইলফেনে জানান, ‘আমি ছুটিতে, ডেপুটি জেলারের সঙ্গে কথা বলুন।’
ডেপুটি জেলার মফিজুরর রহমান সাকিল মোবাইল ফোনে বলেন, ‘আমি অনেক ব্যস্ত আছি এখন কিছু বলতে পারবো না।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত ১১টা ১৫ মিনিটে তাকে আমরা মৃত অবস্থায় পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই কামাল হোসেনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’
আল-মাহমুদ/জোবাইদা/অমিয়/