বরগুনার আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দর থেকে আঠারোগাছিয়ার দুই ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ চার জুয়াড়িকে জুয়ার আসর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান গত কয়েক বছর ধরে এলাকায় জুয়ার দল গঠন করে জুয়া খেলে আসছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দরের একটি ঘরে ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৮-১০ জনে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যেতে চেষ্টা করেন। পরে ইউসুফ ও আব্দুল আউয়াল নামের আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছে থাকা তাস ও নগদ টাকা জব্দ করে।