ছবি: খবরের কাগজ
কুড়িগ্রামের রাজারহাটের রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে পড়ার কারণে রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে রেললাইন থেকে বালু সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেলযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রমনা লোকাল ট্রেনটি তিস্তার অভিমুখে রওয়ানা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার পর পুরো রেলপথ ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
রেল চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে দেখা যায়। আকস্মিক এ পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে।
কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর ট্রাক ও বালু অপসারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে রেললাইন সম্পূর্ণ সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিরাজ/নাঈম