ভবিষ্যতে আর সংসদ নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে আমার ছেলেকে নিয়ে এসেছি। চট্টগ্রাম-১৪ আসন আমার নির্বাচনি এলাকা। এ আসন থেকে আপনারা আমাকে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এবার আমার ছেলে অধ্যাপক ওমর ফারুককে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। সে আমার সব অসমাপ্ত কাজ সম্পন্ন করবে।
গত শনিবার রাতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনি এলাকার সাতকানিয়া আংশিক ধর্মপুর ইউনিয়নে বণিকপাড়া দুর্গা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। শুধু ধর্মপুরে নয়, সাতকানিয়ার আংশিক এলাকার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল দুর্গাপূজা মণ্ডপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময়ও এমন ইঙ্গিত দেন।
নিজের ছেলের প্রসঙ্গে তিনি বলেন, তাকে আমি আপনাদের সেবার জন্য দীর্ঘ ২০ বছর সময় নিয়ে পরীক্ষিত করে গড়ে তুলেছি। সে আপনাদের কখনো নিরাশ করবে না। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল খবরের কাগজকে জানান, চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার ৬ ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-১৪ আসন গঠিত। চট্টগ্রাম-১৪ আসন কর্নেল অলির নির্বাচনি এলাকা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তিনি সাতকানিয়া উপজেলার ৬ ইউনিয়ন তথা, খাগরিয়া, কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর ও কালিয়াইশ ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। দীর্ঘ ১৫ বছর পর উনি এই এলাকায় আসছেন খবর পেয়ে উনাকে এক নজর দেখতে প্রতিটি এলাকায় কিশোর, যুবক, বৃদ্ধ ও স্থানীয় নেতা-কর্মীদের ঢল নামে।
মো. আরিফুল ইসলাম/এমএ/