সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়ক অবরোধ করেছেন দ্বীপটির বাসিন্দাসহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। এতে সেন্টমার্টিনের বিভিন্ন সংগঠনসহ পর্যটনের প্রায় ১২টি সংগঠন অংশ নেয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে মিছিল নিয়ে কলাতলী ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেন তারা।
সেন্টমার্টিনের বাসিন্দা আজিজুল হক বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে যে সিদ্ধান্ত পরিবেশ উপদেষ্টা নিয়েছেন সেটি স্বৈরাচারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো টেকনাফ থেকে জাহাজ চালু করে পর্যটক যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক। তা না হলে সেন্টমার্টিনের মানুষ মারা যাবে।’
কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, পরিবেশের প্রতি আমাদের কোন বিরোধ নেই। আমরা চাই পরিবেশ ঠিক রেখে পর্যটনকে বাঁচিয়ে রাখা হোক। সিজন বাদ দিয়ে সারাবছর উন্নতমানের নৌযানের ব্যবস্থা করে পর্যটকের চলাচলের ব্যবস্থা করা হলে পর্যটকের চাপ কমবে।
এদিকে আন্দোলনের কারণে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মেরিন ড্রাইভ সড়কসহ পর্যটন নগরীর বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মুহিববুল্লাহ/তাওফিক/পপি/