সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের জয়ে বিশেষ অবদান রাখা ঠাকুরগাঁওয়ের তিন ফুটবলার সপ্না, কোহাতি, ও সাগরিকাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি খেলোয়াড়দের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মান জানান। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের ক্রীড়া উন্নয়নে মাঠ সংরক্ষণ এবং একটি আধুনিক জিমনেসিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক বলেন, ‘এই কৃতী খেলোয়াড়রা দেশের গৌরব বৃদ্ধি করেছে। তাদের অর্জন আমাদের ক্রীড়া জগতকে অনুপ্রাণিত করবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, রানীসংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, রাঙ্গাটুঙি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তারাও অংশ নেন। বক্তারা ঠাকুরগাঁওয়ের মেয়েদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপে সপ্না, কোহাতি ও সাগরিকা তাদের পারফরম্যান্সের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। জেলা প্রশাসনের এই উদ্যোগ তাদের উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নবীন হাসান/মাহফুজ/এমএ/