টানা সাত কার্যদিবস সূচক পতনের মধ্যে দিয়ে সোমবার (২৫ নভেম্বর) লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। একইভাবে সূচকের পতনে লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। সূচকের পতনের কারণে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
পুঁজিবাজারের স্টক ব্রোকার প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ তাদের নিয়মিত বাজার পর্যালোচনায় জানিয়েছে, অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা, পাশাপাশি চলমান সামাজিক অস্থিরতার কারণে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজারে নতুন পজিশন গ্রহণ থেকে বিরত থাকছেন। এর ফলে বাজারের গতিশীলতা আরও কমে গেছে।
গতকাল লেনদেন শেষে ডিএসইতে ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৩টির। আর ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৫ হাজার ১৩৬ পয়েন্টে নেমে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে নেমে গেছে।
গতকাল ডিএসইর তিন মূল্যসূচক কমালেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০২ কোটি ৫ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ কোটি ৭৬ লাখ টাকা।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ৫ কোটি ৭৭ লাখ টাকা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।
এদিন এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ২০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, ইন্ট্রাকো, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, কপারটেক, আফতাব অটো এবং সোনালী আঁশ।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
গতকাল দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- নিউলাইন ক্লথিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, সাফকো স্পিনিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগ্রতি লাইফ এবং খান ব্রাদার্স।
গতকাল লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি। কোম্পানিটির ১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলোর ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি, মিডল্যান্ড ব্যাংক, সোনালী আঁশ, অগ্নি সিস্টেমস, ফাইন ফুডস, ফারইস্ট নিটিং এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।