কুষ্টিয়ার মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মশান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (৫০) এবং একই এলাকার কুরবান আলীর স্ত্রী ছবেলা খাতুন (৭০)।
পুলিশ জানায়, মরিয়ম বেগম ও ছবেলা খাতুন মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে মশান বাজারে যান। সেখান থেকে সরকারি চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভ্যানে থাকা বাকি দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ওসি মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন।
নিহত ছবেলা খাতুনের ছেলে আসলাম উদ্দিন জানান, টিসিবির পণ্য কিনতে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশে ভ্যানে করে রওনা দেন তার মা। মশান বাজার এলাকায় পৌঁছালে ভ্যানটিকে একটি ট্রলি ধাক্কা দেয়।