ভোলায় বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪২ জন প্রশিক্ষিত নারীর বিভিন্ন ট্রেডে কর্মসংস্থান হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টাউন স্কুল মাঠ সংলগ্ন গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এবং ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুর হোসেন।
ইএসডিও হেড অব টিভিইটি শাহরিয়ার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বিসিক এর উপ-ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন, ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুকাদ্দেস আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রেগাম অফিসার চামেলী বেগম প্রমুখ।
আয়োজকরা জানান, ইএসডিও থেকে ২শ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী আগ্রহী নারী মেলায় নিবন্ধন করেন। নিবন্ধিত সকল নারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরে বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, ও সুইং অপারেশন সহ বিভিন্ন ট্রেডে ২০০ জন প্রশিক্ষিত নারীকে জেলার বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তা ১০টি প্রতিষ্ঠানে ৪২ জন প্রশিক্ষিত নারীর বিভিন্ন ট্রেডে কর্মসংস্থান হয়েছে।
স্কুল থেকে ঝরেপড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো-সোস্যাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারি সংস্থা।
সংস্থাটি গত এক বছরে ভোলায় ১১৪৫ জনকে অনানুষ্ঠানিক শিক্ষানবিশ, উদ্যোক্তা উন্নয়ন এবং সেন্টার বেইজ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে। যাদের মধ্য থেকে ৯৯০ জন প্রশিক্ষণ নিয়ে ৮৮৫ জন বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন।
ইমতিয়াজুর রহমান/নাবিল/এমএ/