বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সভায় কোম্পনিটি শেয়ারহোল্ডারদের সাড়ে তিন শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের হোটেল রয়েল মার্কে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সরাসরি এবং অনলাইন প্লাটফর্মে সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী উল্লেখ করেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।
বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানির সম্মিলিত এন এ ভি ছিল ২২.৬১ টাকা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিত ভাবে দাঁড়িয়েছে ১.১২ টাকা।
১৭তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাড়ে তিন শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।
অপর দিকে একই স্থানে বেলা তিনটায় বারাকা গ্রুপের দ্বিতীয় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানার সঞ্চালনায় শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ এর উপস্থিতিতে হোটেল রয়েল মার্ক, সিলেট এবং অনলাইনে ভোটগ্রহণসহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে।
এ ছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের শতকরা ৫২.৬৭ শতাংশ বিনিয়োগ করেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা এবং শেযার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৫২ টাকা।
১৪ তম বার্ষিক সাধারণ সভায় দুই শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।
শাকিলা ববি/নাবিল/এমএ/