খুলনা ও কমলাপুর রেলওয়ে স্টেশনের পর এবার ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে উঠল ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের এলইডি স্ক্রিনে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিকেল ৩টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়।
মসজিদের নিয়মিত মুসল্লি আবুল হোসেন জানান, মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। সোমবার জোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই মসজিদের দেয়ালের সঙ্গে লাগানো বৃহৎ আকারের ওই এলইডি স্ক্রিনে এ লেখা ভেসে ওঠে।
মসজিদের কাছের এক ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, মসজিদ কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক। আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। আগের কমিটির কতিপয় সদস্য খোলস পাল্টিয়ে মুসল্লিদের সঙ্গে মিশে গেছেন। যে কেউ ষড়যন্ত্রমূলকভাবে গণ্ডগোল লাগাতে এ ধরনের কাজটি করেছে। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির হোসেন নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করা হবে।’
এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।
এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন করা হয়।
তোফায়েল/সুমন/