চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বশির উল্লাহ মিয়াজি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েক দিন আগে এই সেতু পার হতে গিয়ে ভাঙা পাটাতনে চাকা আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয় একটি পিকআপ। এতে ওই সেতুতে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে ব্রিজটি বিপজ্জনক হয়ে পড়েছে। ব্রিজের ভাঙা পাটাতনে যানবাহন আটকে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি সেতুতে পথচারীদের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটছে। এর ফলে সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকরা বিপাকে পড়েছেন।
বাঁশখালীর ঐতিহ্যবাহী জলকদর খালের ওপর তৈরি বশির উল্লাহ মিয়াজি বাজার ব্রিজটির বেশ কয়েকটি পাটাতন নষ্ট হয়ে গেছে। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ ও যানবাহন। একমাত্র চলাচলের মাধ্যম ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সমুদ্রসৈকত ও উপকূলের সৌন্দর্য উপভোগ করতে আসা হাজার হাজার পর্যটক এসব কারণে আগ্রহ হারিয়ে ফেলছেন।
এদিকে জরাজীর্ণ হয়ে পড়া বশির উল্লাহ মিয়াজি ব্রিজটিতে পারাপার হতে গিয়ে ইতোমধ্যেই আহত হয়েছেন পর্যটক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষ।
দেশের অন্যতম বৃহত্তম সমুদ্রসৈকত বাঁশখালীতে আসা পর্যটক ও উপকূলীয় অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের একমাত্র যাতায়াতমাধ্যম বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়াজি বাজারসংলগ্ন জলকদর খালের ওপর নির্মিত বহু পুরোনো এই বশির উল্লাহ মিয়াজি ব্রিজ।
এলাকাবাসী জানান, বাঁশখালীর বিভিন্ন পয়েন্টে জলকদর খালের ওপর ইতোমধ্যে ঢালাই ব্রিজটি নির্মাণ হলেও বশির উল্লাহ বাজারের এই ব্রিজটি এখনো বেইলি ব্রিজ রয়েই গেছে। এমন অবস্থায় ওই জায়গায় জরুরি ভিত্তিতে ঢালাই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাহারছড়া ইউনিয়নে হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, ব্যবসা-বাণিজ্য ও বাহারছড়ায় সমুদ্রসৈকত থাকায় বাঁশখালী উপজেলার মধ্যে বশির উল্লাহ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার লোকজন যাতায়াত করেন। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই এর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কার না করা হলে যেকোনো মুহূর্তে পাটাতন ভেঙে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলের অন্তত অর্ধলক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে বশির উল্লাহ মিয়াজি বাজারসংলগ্ন জলকদর খালের এই বেইলি ব্রিজ। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন হয়ে পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই।
বাহারছড়া এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গণি জানান, বশির উল্লাহ মিয়াজি ব্রিজটি পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এটিকে দ্রুত সংস্কার করা না হলে পশ্চিম বাঁশখালীর সঙ্গে যানবাহন ও সাধারণ জনগণের চলাচল বন্ধ হয়ে যাবে।
বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস জানান, গুরুত্বপূর্ণ এ ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কিছুদিন আগে সে সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার নিজেই বরাদ্দ দিয়ে সংস্কার করেন। তিনি নিজেও ব্যক্তিগত উদ্যোগে একাধিকবার সংস্কার করেছেন। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, ‘বেইলি ব্রিজটি আমি নিজেও পরিদর্শন করেছি। জনদুর্ভোগের বিষয়টি দেখেছি। ব্রিজটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী চেষ্টা করছেন।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি জেনেছি। এটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।’