সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ভারতীয় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল বহনকারী একটি ডিআই মিনি ট্রাকও জব্দ করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) রাত তিনটার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোধ বিষয়ের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারি দলের সদস্যরা ১টি ভারতীয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মটর সাইকেল নিয়ে সিলেটের উদ্দেশে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিলেট তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ডিআই মিনি ট্রাকে করে সীমান্ত হতে নিয়ে আসা ভারতীয় মোটরসাইকেলসহ দুজনকে আটক করে।
আটকরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) এবং একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
মেহেদী