কিশোরগঞ্জে চোখে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে মীর হোসেন (৬২) নামে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের পাশের একটি ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহিত অটোরিকশাচালক পৌরসভার পূর্ব তারপাশা সতাল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মীর হোসেন মধ্যরাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সকালে স্থানীয় লোকজন সদরের মারিয়া এলাকায় একটি ধানখেতে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার জন্যই তাকে প্রথমে চোখে শুকনা মরিচের গুঁড়া ও পরে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মীর হোসেনের পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের জন্য এ খুনের ঘটনা ঘটেছে। তবে অটোরিকশাটি পাশের একটি খাদে পড়ে যাওয়ায় ছিনতাই করতে পারেনি দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, ‘মূলত ভোরের দিকে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তাসলিমা/মাহফুজ।