ইমেইল ও মোবাইল ব্যাংকিং অ্যাপস হ্যাক করে হাতিয়ে নেওয়া ৭ লাখ টাকা উদ্ধার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় হ্যাকার গ্রুপকে সনাক্ত করে এই টাকা উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) এক ভুক্তভোগী নারী সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে অভিযোগ করেন। ওই নারী জানান, গত ২৫ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টার সময় বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কয়েকটি মেসেজ আসে। মেসেজগুলো পর্যালোচনা করে তিনি দেখতে পান, তার নিজ নামের ইমেইল আইডি হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে তিনবারে প্রায় ৭ লাখ টাকা অজ্ঞাতনামা ব্যক্তি হাতিয়ে নিয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) দেবাশীষ দাস, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) কামরুল ইসলাম এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক তথ্যপ্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার অভিযান শুরু করেন। তাদের বিভিন্ন দিক-নির্দেশনায় গত ২৭ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় পিএসআই (নি.)/ খালেদ হাসান তপু উক্ত ইমেইল ও মোবাইল ব্যাংকিং অ্যাপস হ্যাকার গ্রুপকে সনাক্ত করে হাতিয়ে নেওয়া ৭ লাখ টাকা উদ্ধার করে। পরে ভুক্তভোগীর কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হ্যাক হওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাকার চক্রটিকে চিহ্নিত করা গেছে। হ্যাকারদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এবং উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাকিলা ববি/এমএ/