খুলনার রূপসা নদীতে রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অর্ধেক ডুবে গেছে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২টায় এই ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ জানুয়ারি) জাহাজটি উদ্ধার কার্যক্রম করছে কোস্টগার্ড পশ্চিম জোন।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ অদ্য ৩১ জানুয়ারি শুক্রবার রাত ২টায় রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয় যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্টগার্ডের নিকট সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ বিসিজি স্টেশন রূপসা একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।
তিনি আরও বলেন, উক্ত জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সকলে নিরাপদে রয়েছে এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। কোস্টগার্ড ইতোমধ্যে জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।
রিফাত আল মাহামুদ/এমএ/