মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটানা ৪০ দিন নামাজ আদায়কারী ৪০ তরুণ-যুবকদের সাইকেলসহ নানা পুরস্কার প্রদান করেছে প্রবাসীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বনসেমন্ত পশ্চিমপাড়া বাইতুন নূর মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ব্যতিক্রম পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে গত ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী স্থানীয় ২০ জন তরুণ-যুবকদের সাইকেল ও নামাজ আদায়কারীদের ২০টি বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করছে বিজয়ী ও স্থানীয়রা।
আয়োজক ও স্থানীয়রা জানান, বনসেমন্ত এলাকার বহু যুবক প্রবাসে রয়েছে। ১২ বছরের ওপরে ও ৩০ বছরে নিচে তরুণ-যুবকদের জামাতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেন প্রবাসীরা। মূল লক্ষ্য ছিল এলাকায় মাদক সন্ত্রাসসহ অপকর্ম দূরে ঠেলে নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা। প্রায় দেড় মাস আগে এ ঘোষণায় অনেক কিশোর-তরুণ মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ২০ জন ৪০ দিন জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয় এবং বাকি ২০ জন জামাতে ও নিজে নিজে নামাজ আদায় করে। বিজয়ীদের সাইকেল ও বাকিদের জায়নামাজ, তসবিহসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।
বিজয়ী কিশোর-যুবকরা জানায়, আল্লাহর হুকুম মানলে দুনিয়া ও আখিরাতে শান্তি মেলে। তাই মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনেই নামাজ আদায় মূল্য লক্ষ্য ছিল। আল্লাহ হুকুম মেনে সুন্দর জীবন করার ইচ্ছে তাদের। পুরস্কার পেয়ে সবাই আনন্দিত।
বনসেমন্ত নূর জামে মসজিদের সভাপতি শহীদ মৃধা, সাধারণ সম্পাদক হারুন মৃধা, কোষাধ্যক্ষ আবুল কালাম মৃধা, গাওদিয়া সাবেক ইউপি চেয়ারম্যান নাজের খান, সমাজসেবক কাইউম খান, হারুন মৃধা, উজ্জ্বল মৃধা, ওহাদ আলী মৃধা, হাফেজ রাকিব মৃধা, সুমন তালুকদার, মীর আলী হাওলাদারসহ অন্যরা।
মুন্সীগঞ্জ প্রতিনিধি/জোবাইদা/