গাজীপুরের কাপাসিয়ায় দেবরের ছুরিকাঘাতে সৌদি প্রবাসীর স্ত্রী মোসা. বৃষ্টি আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২ মার্চ) দুপুরে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে আপন দেবর ইলিয়াসের (২০) ছুরিকাঘাতে গুরুতর আহত হন বৃষ্টি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বৃষ্টির বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের মো. সেলিম মিয়ার সঙ্গে বিয়ের পর ওই বাড়িতে বসবাস করতেন। সেলিম ও ইলিয়াস মো. আব্দুর রশিদের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, বৃষ্টিকে প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেন চিকিৎসক।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে নিহতের স্বামীসহ পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে দেবর ইলিয়াস ছিল বেকার ও মাদকাসক্ত। মাঝে মধ্যে প্রবাসী সেলিমের কাছে টাকা পয়সা দাবি করত ইলিয়াস। কোনো সময় দিতো আবার দিতো না। দুপুরে ইলিয়াসের মা টয়লেটে ও বাবা নামাজে থাকা অবস্থায় হঠাৎ বৃষ্টিকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আটকে অভিযান চলছে।
পলাশ/জোবাইদা/