সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রদীপ দাস (৪৫) ও মো. আলাউদ্দিন (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্তবর্তী কালাইরাগ গ্রামের উত্তরে পাহাড়ের কাছের জঙ্গলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী কালাইরাগ গ্রামে একটি অনুষ্ঠানে যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী। এ সময় কালাইরাগ গ্রামের প্রদীপ ও আলাউদ্দিন ওই নারীর কাছে গিয়ে তাকে বলেন, তোমার মেয়ের জামাই ইয়াকুব আমাদেরকে পাঠাইছে। তোমাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছে। তাদের কথামতো একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন ওই নারী। গাড়িটি গ্রামের উত্তরদিকে পাহাড়ের দিকে যেতে শুরু করলে ভুক্তভোগী ওই নারী বাধা দিলে প্রদীপ ও আলাউদ্দিন তার মুখ চেপে ধরে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনে শাহিন নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে মেয়ের জামাই ইয়াকুবের বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ধর্ষণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত দুজনকে রবিবার রাতেই তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার (৩ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। মামলাটি এসআই (নি.) মো. আসিব ইকবাল তদন্ত করছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সমন্বয়কারী, ওসিসি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদী/