রাজশাহীর পবায় পাথরবোঝাই ট্রাকচাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছেন।
শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মুরারিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক শামীম ওসমান (২৮) ও আরোহী সাদ্দাম আলী (৩০)। শামীম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারি খাসেরহাটের মানিক আলীর ছেলে ও সাদ্দাম একই উপজেলার তেলকুপির সেন্টু আলীর ছেলে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার বিকেলে শামীম ওসমান ও সাদ্দাম আলী মোটরসাইকেলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন। অপরদিকে পাথরবোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে আসতে থাকে। পথিমধ্যে মুরারিপুর কালুর ডাইং এলাকায় ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুইজনই মাথায় গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি রবিউল ইসলাম বলেন, 'ঘটনাস্থল সরেজমিনে বোঝা যাচ্ছে, কোনো একটা কারণে মোটরসাইকেল চালক তার লেন ছেড়ে ভুল লেনে চলে এসেছিলেন। তাদের দুইজনই ঘটনাস্থলে মারা গেছেন। স্থানীয় জনতা ট্রাক আটকে রেখেছেন। তবে চালক কৌশলে পালিয়ে গেছেন। নিহতদের একজনের স্বজন এসেছেন, বাকিরাও আসছেন। আমি ঘটনাস্থলেই আছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
এনায়েত করিম/জোবাইদা/