যশোরের কেশবপুর উপজেলায় রাজেরুং ত্রিপুরা (১৫) নামে খ্রিষ্টান সম্প্রদায়ের এক তরুণী ‘আত্মহত্যা’ করেছে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) মরদেহের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাজেরুং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বান্দরবানের থানচি উপজেলার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে।
কেশবপুর শহরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশনে থেকে সে পড়ালেখা করত।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের এক স্কুলছাত্রীর মরদেহ উপজেলা হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে খ্রিষ্টান মিশনে গেলে কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে রাজেরুং ত্রিপুরা তার শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটি তারা বলেনি। এটি হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। তবে থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি জানা যাবে।’
তুহিন/পপি/