মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে সাভারসহ অন্য অঞ্চলে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশের সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাস স্ট্যান্ড ও হেমায়েতপুর এলাকায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, পথচারীদের চলাচল সুবিধা ও ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, ‘এটি একটি ধারাবাহিক অভিযান, যা আগামীতেও অব্যাহত থাকবে।’
ইমতিয়াজ/তাওফিক/