মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক তরুণের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।
নিহত তরুণের নাম ফারুক হোসেন (২০)। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, শুক্রবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেঘনা নদীর ভাটি বলাকী এলাকায় তার মরদেহটি ভেসে উঠলে তা দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। এর আগে বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হন ফারুক।
নিহত তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, গত বুধবার (২ এপ্রিল) আমরা ২২ জন মেঘনা সেতুর নিচে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমার এখানে এসে উপস্থিত হই। বিকেল সাড়ে ৪ টার দিকে ফারুক, আমিসহ ৬ জন গোসল করার জন্য মেঘনা নদীতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরও কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পাওয়া গেলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুবুর আলম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। আমরা মরদেহটি উদ্ধার করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মঈনউদ্দিন আহমদ সুমন/মাহফুজ