ঈদে ছুটিতে সিলেটে বিভাগের চার জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ২৮৭টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব প্রসব সেবা প্রদান করা হয়। এছাড়া ৭৩৯ জনকে গর্ভকালীন সেবা ও ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা প্রদান করা হয়।
সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬টি, মৌলভীবাজারে ২৭টি ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালকগণের সার্বিক তত্ত্বাবধানে বিভাগে কর্মরত সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছিল ঈদের ছুটিতে।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ বলেন, ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। আমাদের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান ছিল। ঈদের ছুটিতে এই সেবা আমরা দিতে পেরেছি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়।
শাকিলা ববি/মাহফুজ