ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ

কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন
মোহাম্মদ জামাল উদ্দীন

কুড়িগ্রামে দুই বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ জামাল উদ্দীন।

মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৭ জনকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি/পদায়ন করা হয়। 

সেই তালিকায় জামাল উদ্দীন ১৩ নম্বর সিরিয়ালে রয়েছেন। 

তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তাকে জেলার রাজারহাটের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম জলা জুড়ে চলছে নানা আলোচনা।

এ বিষয়ে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ এ টি এম শওকত আকবর বলেন, ‘গত বছরের ৩১ ডিসেম্বর কলেজ অধ‌্যক্ষ আ ন ম আজিজুর রহমান অবসরে যাওয়ার পর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। মাউশিতে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। অধ‌্যক্ষ নিয়োগ হলে আমি আগের পদে বহাল থাকব। গতকাল (মঙ্গলবার) থেকে মৃত ব‌্যক্তির পদায়নের বিষয়টি শুনছি। সেভাবে আমার জানা নেই।’

জামাল উদ্দীনের স্ত্রী তাহমিনা শবনম খবরের কাগজকে বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর রাম দা’র কোপে আমার স্বামী বাম হাত ও পিঠে আঘাত পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে। এ ছাড়া তিনি হার্টের রোগী ছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং ২০২৩ সালের ১২ এপ্রিল মারা যান। ২০২৩ সালের মে মাসের দিকে সরকারি গোয়েন্দা শাখার লোকজন আমার কাছে তার পদায়নের বিষয়ে যোগাযোগ করলে আমি জানিয়েছিলাম, আমার স্বামী মারা গেছেন। এ ছাড়া আমি স্বামীর পেনশনের টাকাও উঠিয়েছি। এতো দিন পর মাউশি তাকে পদায়ন করল। পদায়ন হলে তার অনেক আগেই হওয়ার কথা ছিল। হয়তো ভুল হতে পারে।’

অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের বাড়ি কুমিল্লায়। একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। ৫৩ বছর বয়সে মারা যান তিনি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন  বলেন, এতে মন্ত্রণালয়ের ভুল থাকতে পারে। 

সিরাজ/পপি/

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা
ছবি: খবরের কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বাংলা টিফিন ও বঙ্গভোজ নামের দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাগুলো করা হয়। এর মধ্যে একটি মামলা করেছেন রেস্তোরাঁ দুটির মালিক মুর্শেদ শাকিল এবং অপরটি করেছেন আহত পুলিশ কনস্টেবল ফয়েজ উদ্দিন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুরে বাংলা টিফিন নামের ওই রেস্তোরাঁয় খাবার কিনতে যান রমজান। খাবার দিতে দেরি হওয়ায় হোটেলের এক কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর রমজানের অনুসারীরা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাংলা টিফিনের পাশাপাশি একই মালিকের আরেকটি রেস্তোরাঁয় (বঙ্গভোজ) হামলা ও ভাঙচুর চালান। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে অন্তত তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ফয়েজ উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৩০–৪০ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে রেস্তোরাঁটি ভাঙচুর করছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবারের পার্সেল সরবরাহে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে রমজান আলীর সঙ্গে কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি সেখান থেকে চলে যান। কিছু সময় পর ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রেস্তোরাঁটিতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করা হয়। এতে কনস্টেবল ফয়েজ উদ্দিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। হামলায় রেস্তোরাঁর তিন কর্মচারীও আহত হন।

একই সঙ্গে হামলাকারীরা মণ্ডলের মোড় এলাকায় অবস্থিত একই মালিকানাধীন বঙ্গভোজ রেস্তোরাঁয়ও ভাঙচুর চালায়। হামলায় দুই প্রতিষ্ঠানের তিন কর্মচারী আহত হন। রেস্তোরাঁ দুটিতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।

রেস্তোরাঁ মালিক মুর্শেদ শাকিল অভিযোগ করে বলেন, ঘটনার পরদিন সকালে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার কর্মচারীদের হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেয়।
তিনি বলেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ  থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মচারীদের জীবিকাও হুমকির মুখে পড়বে।

অভিযোগের বিষয়ে রমজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে আরও কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে কনস্টেবল ফয়েজ উদ্দিন আহত হন। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনায়েত করিম/অন্তরা/

জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটে তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন'-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় দিনব্যাপী 'জব ফেয়ার ' অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় শহরের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানায়, তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করতে রেইজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জব ফেয়ার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। দিনব্যাপী এই মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে।

​জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, এসো নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম বাদশা, পরিচালক  মুর্তজা আক্তার বানু,  উপ পরিচালক খোরশেদ আলমসহ অনেকেই।

​সাগর/আমান

ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩১ পিএম
ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের (বিএসআরআই) আয়োজনে প্রতিষ্ঠানের এএসএম কামাল উদ্দিন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি, উন্নত জাত, চাষাবাদ কৌশলকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম গতিশীল করাই এ কর্মশালার অন্যতম লক্ষ্য বলে কর্মশালার শুরুতে জানানো হয়। 

বিএসআরআই-এর মহাপরিচালক (ডিজি) ড. কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএসফআইসি) যুগ্মসচিব এবং পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান।

কর্মশালার বিএসআরআই-এর পরিচিতি ও গবেষণা সাফল্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান। 

বর্তমান প্রেক্ষাপটে মিল এলাকায় ইক্ষু চাষবিষয়ক প্রযুক্তি বিস্তারের সমস্যা,  সম্ভাবনা এবং প্রণীতব্য অগ্রাধিকারভিত্তিক গবেষণা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রতিনিধি ড. মো. ইউসুফ আলী। নন-মিল জোনে ইক্ষু ও অন্যান্য সুগারক্রপ চাষের প্রযুক্তি বিস্তারে বিরাজমান সমস্যাদি ও গবেষণা অগ্রাধিকার নিরূপণ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার পরিচালক (ক্রপস) ড. সালমা লাইজু। 

কর্মশালায় আগত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক (প্রযুক্তি হস্তান্তর) ড. সেলিনা আখতার। 

এ অনুষ্ঠানে বিএসআরআই-এর বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সুগারমিল, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৌ চাষি ও কৃষকেরা উপস্থিত ছিলেন। যৌথভাবে কর্মশালা সঞ্চালনায় ছিলেন বিএসআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা নুসরাত জাহান উপমা ও নাজনীন আক্তার মুন্না। 

কর্মশালার আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার দ্বিতীয় দিনে বিএসআরআই-এর রোগতত্ত্ব, কীটতত্ত্ব, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি, অন-ফার্ম এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রযুক্তি উপস্থাপন ও আলোচনা করবেন বিভাগীয় প্রধানরা।

জাহাঙ্গীর হোসেন/অন্তরা/

মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২১জুন) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের খাইরুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালপত্রের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৫৪) বলেন, রবিবার (২১জুন) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজায় শব্দ শুনে আমি ও আমার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে আমার ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। পরে আমার স্ত্রীকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এক পর্যায়ে ডাকাতরা ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনা ঘটেছে এটা সঠিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

এনকেবি নয়ন/তামান্না রুপা/

ফরিদপুরে বাসচাপায় নিহত ১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ১
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসচাপায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় খান পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনকেবি নয়ন/তামান্না রুপা/