নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার স্বজনের বাড়ি থেকে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
গ্রেপ্তার নারায়ণ শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আম কুড়াতে গেলে তাকে মুখ চেপে ধরে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করে নারায়ণ। কিশোরীর চাচি ঘটনা দেখতে পেলে নারায়ণ দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণের বাড়িঘর ভাঙচুর করে। ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে নারায়ণের বাড়িতে আগুন দেয় স্থানীয়রা।
শাহিন/পপি/