ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের দক্ষিণে রেললাইনের ৫১ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার পর ঢাকা, রাজশাহী, দিনাজপুর, খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন লাইনচ্যুত হওয়ার সংবাদে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ইঞ্জিন ও মালবাহী ওয়াগন উদ্ধারে কাজ শুরু করেন।
এ ঘটনায় বাইপাস স্টেশনমাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন।
তিনি জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে ক্লিয়ারেন্স দেওয়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে স্টেশনমাস্টার বাবুল রেজার গাফিলতি থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা, রাজশাহী, দিনাজপুর, খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ঈশ্বরদী লোকোমোভিভ রানিং শেড থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর ইঞ্জিন ও মালবাহী ওয়াগন ট্রেন উদ্ধার করা হলে সকাল ৭টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডিটিও হাসিনা খাতুন আরও জানান, এ ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন দুটি চলাচলে আধা ঘণ্টা বিলম্ব হয়েছে।
জাহাঙ্গীর হোসেন/সুমন/