চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও দুই চালককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ট্রেইলার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৬টা থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন।
এতে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কনটেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় বুধবার (১৪ মে) বিকেলে মাদকাসক্ত এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। তখন স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে আমাদের একটি গাড়ি আটক করেন। তবে আমাদের গাড়িতে এ ধরনের আহত ব্যক্তিকে ওঠানোর নিয়ম নেই। চালক রাজি না হওয়ায় বিক্ষুব্ধ লোকজন তার লাইসেন্স ও বন্দরের কার্ড জব্দ করেন। তখন চালক আমাদের সভাপতি সেলিম খানকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান। তখন সেলিম খানকেও মারধর করা হয়। তাই আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে আমাদের শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।’
হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।
রপ্তানি পণ্য কারখানা থেকে প্রথমে বেসরকারি কনটেইনার ডিপোতে নেওয়া হয়। সেখানে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার আইনি প্রক্রিয়া শেষে ওই পণ্য কনটেইনারে তোলা হয়। এরপর প্রাইম মুভার-ট্রেইলার গাড়িতে সেই কনটেইনার পাঠানো হয় বন্দরে। সেখান থেকে তোলা হয় জাহাজে। এভাবে আমদানি-রপ্তানি পণ্য মিলিয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার কনটেইনার পরিবহন হয়।