ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ

রংপুরে হাইটেক পার্ক আটকে আছে তরুণদের স্বপ্ন

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৯:৫৯ এএম
রংপুরে হাইটেক পার্ক আটকে আছে তরুণদের স্বপ্ন
ছবি: খবরের কাগজ

রংপুরে প্রযুক্তিপ্রেমী তরুণরা হাইটেক পার্কে নিজেদের কর্মসংস্থান হবে বলে স্বপ্ন বুনেছিলেন। নিজেদের তৈরি প্রযুক্তি রপ্তানি করে রংপুর তথা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন এখনো ধরাছোঁয়ার বাইরে। কারণ তিন দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি হাইটেক পার্কের নির্মাণকাজ। গত ৭ বছরে মাত্র ২৫ ভাগ কাজ করে উধাও ঠিকাদার। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ১২টি হাইটেক পার্ক নির্মাণের জন্য ২০১৭ সালে ১ হাজার ৮০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রংপুর হাইটেক পার্কের ব্যয় ধরা হয় ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় ১০ একর জায়গা অধিগ্রহণ করা হয়। ২০১৮ সালে প্রকল্পের কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি।

২০২০ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও সাইনবোর্ডেই ঝুলে ছিল নির্মাণকাজ। এরপর মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন মাস করা হয়। কিন্তু তখনো কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। ২০২২ সালের মে মাসে হাইটেক পার্কের কাজের উদ্বোধন করা হয়। এই মেয়াদে কাজ শেষ করার কথা ছিল ২০২৪ সালের জুলাইয়ে। এ সময়ের মধ্যে মাত্র ২৫ ভাগ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি।

সরেজমিন গিয়ে দেখা গেছে, হাইটেক পার্কের পুরো এলাকা ঘিরে রেখে বালু রাখা হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে অসংখ্য নির্মাণসামগ্রী। অলস পড়ে আছে ক্রেনসহ ভারী সব যন্ত্রপাতি। পুরো এলাকায় আছেন হাতে গোনা কয়েকজন নিরাপত্তা প্রহরী।

খলিশাকুড়ি এলাকার দেবেন্দ্রনাথ রায় বলেন, ‘জমিগুলো নিয়ে বালু ফেলে রেখেছে। কতদিনে বিল্ডিং হবে, বুঝতে পারছি না। নাকি এমনই থাকবে। এটা নির্মাণ হলে আমাদের জন্য ভালোই হবে।’
নিরাপত্তা প্রহরী এনামুল হক বলেন, ‘সবশেষ কাজ হয়েছে গত বছরের ২ আগস্ট। আওয়ামী সরকার পতনের পর কাজ বন্ধ করে চলে গেছে ভারতীয় ঠিকাদার। কবে কাজ শুরু হবে জানি না। এখানে চার ভাগের এক ভাগ কাজ হয়েছে। মালামাল আনা হয়েছে। আমরা চার-পাঁচজন নিরাপত্তার দায়িত্বে আছি। এগুলো দেখভাল করছি।’

এ প্রসঙ্গে রংপুরের তরুণ উদ্যোক্তা ইনবক্স আইটি সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান আবু সায়েম বলেন, ‘রংপুরের তরুণদের জন্য হাইটেক পার্ক ছিল এক স্বপ্ন। যেখানে নতুন কর্মসংস্থান তৈরি হবে, প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে। কিন্তু নির্মাণকাজের দীর্ঘসূত্রতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় এ স্বপ্ন এখনো বাস্তবে রূপ নেয়নি। রংপুরের তরুণরা শুধুই প্রতিশ্রুতির অপেক্ষায় থাকতে পারে না। আমরা চাই, হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ হোক এবং প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হোক।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হাসান বলেন, ‘তথ্য প্রযুক্তির এ যুগে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে এআই প্রযুক্তি নিয়ে ব্যস্ত, আমরা তখন পাঠ্যবইয়ে এইচটিএমএল, সিএসএস নিয়ে পড়ে আছি। প্রযুক্তিগত উন্নয়ন, উদ্ভাবন, কর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যবহারিক শিক্ষার। এ ক্ষেত্রে হাইটেক পার্কের বিকল্প নেই। রংপুরের এই হাইটেক পার্ক চালু হলে প্রযুক্তিতে দক্ষ হয়ে আমরা বিশ্ববাজারে আমাদের নিজস্ব প্রতিভার বিকাশ ঘটাতে পারব।’

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। ফলে রংপুরের অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হবে। রংপুরে তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। তা না হলে শিক্ষিত তরুণদের জ্ঞান কাজে লাগানো সম্ভব হবে না বরং বেকারত্ব বাড়বে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইলিয়াস প্রামাণিক বলেন, ‘হাইটেক পার্ক হলে আমরা টেকনলোজিতে এগিয়ে যেতে পারব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আইটি খাতে গবেষণার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ে ল্যাবের যে সংকট আছে, তা পূরণ করা যাবে। এ ছাড়া রংপুর অঞ্চলের তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই কাজ দ্রুত শেষ করতে হবে।’

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘হাইটেক পার্কের কাজ শুরু করার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। আশা করছি খুব দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত
নিহত গিয়াস উদ্দিন শিকদার/ ছবি: খবরের কাগজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত গিয়াস উদ্দিন শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর গ্রামের বাসিন্দা নূরুল হক সিকদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন শিকদার সাড়ে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি দেন।

নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার বলেন, ‘বুধবার বিকেলে আমরা খবর পাই সড়ক দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে আমরা এখন পুরোপুরি দিশেহারা। আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি ‘

এ বিষয়টি নিয়ে ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, তার মরদেহ দেশে আসার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে। যদি কোন কারণে বিদেশের কোম্পানি তার মরদেহ দেশে আনার জন্য সহায়তায় দিতে না চায় তাহলে পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ সরকার ওই প্রবাসীর মরদেহ বাড়িতে এনে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করবে।

নয়ন/আমান

খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি
খোকসা জয়ন্তী হাজরা  ইউনিয়নে দুইযুগ  ধরে বন্ধ  পরিত্যক্ত কৃত্রিম প্রজনন কেন্দ্র। ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রায় দুই যুগ ধরে বন্ধ রয়েছে ইউনিয়ন পর্যা‌য়ে স্থায়ীভা‌বে নি‌র্মিত দুইটি কৃ‌ত্রিম প্রজনন কেন্দ্র।

অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রগুলোর ভবন এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়।

কোথাও জন্ম নিয়েছে ভুতুড়ে পরিবেশ, কোথাও পোকামাকড়। ঝোপঝাড়ের দখলে চলে গেছে সরকারি স্থাপনা।

ফলে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার কৃষক ও খামারিরা।

স্থানীয় সূত্রে জানা যায়,২০০০ সালে প্রকল্পের আওতায় খোকসা উপজেলায় প্রাণিসম্পদ দপ্ত‌রের অধী‌নে নয়টি ইউনিয়নে কৃ‌ত্রিম প্রজনন কেন্দ্র চালু করা হয়। এর মধ্যে জয়ন্তী হাজরা ও আমবাড়িয়া ইউনিয়নে স্থায়ীকেন্দ্র এবং বাকি সাতটি ইউনিয়নে অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে একজন করে কর্মী নিয়োগ দেওয়া হয়। যারা মাঠপর্যায়ে কৃত্রিম প্রজননসহ বিভিন্ন সেবা দেওয়ার দায়িত্ব পালন করেন।

কিন্তু কয়েক বছর যেতে না যেতেই স্থায়ী দুইটি কেন্দ্রের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।  বর্তমানে স্থাপনাগু‌লো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয় কৃষক ও খামারিদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা না থাকায় তাঁরা পল্লী প্রজননকর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আবার ইউনিয়ন পর্যা‌য়ে উপ‌জেলা প্রা‌ণি সম্পদ থে‌কে যা‌দের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে তাঁ‌দের থেকেও প্রয়োজনীয় সেবা সবসময় পাওয়া যায় না। এ সুযোগে প্রজননকর্মীদের বিরু‌দ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

শিমুলিয়া এলাকার কয়েকজন খামারি জানান, সরকারি নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যাতায়াত ভাতা, স্ট্রো (হিমায়িত সিমেন) ও অন্যান্য খরচ মিলিয়ে সর্বোচ্চ ৩১৫ টাকা নেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, খোকসা উপজেলায় প্রায় ৩ হাজার ২১০টি গাভী রয়েছে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ গাভীর প্রজনন কৃত্রিম প্রজনন পদ্ধতিতে এবং বাকি ১০ শতাংশ ষাঁড়ের মাধ্যমে সম্পন্ন হয়।

স্থানীয় পশুপালক শাহজাহান আলী বলেন, “ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতে কোনোদিন ডাক্তার আসতে দেখি না। প্রয়োজনের সময় সেবা পাওয়া যায় না। ফলে আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি।”

জয়ন্তী হাজরা ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম খান বলেন,“সরকারি জমির ওপর নির্মিত এই কেন্দ্রটি বছরের পর বছর বন্ধ পড়ে আছে। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। দ্রুত দখলমুক্ত করে কেন্দ্রটি পুনরায় চালু করা উচিত।”

খামারি জাহাঙ্গীর আল‌মের অভিযোগ, “সরকারি কোনো সহযোগিতা আমরা ঠিকমতো পাই না। প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলেও অনেক সময় প্রয়োজনীয় ভ্যাকসিন মেলে না। বাধ্য হয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনতে হয়।”

সা‌র্বিক বিষ‌য়ে জান‌তে চাইলে খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন,“ইউনিয়ন পর্যায়ে স্থায়ী দুটি কেন্দ্র রয়েছে—এ বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি। স্থান প‌রিদর্শনও ক‌রে‌ছি। আমাদের অফিসে এ সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। তবে মাঠপর্যায়ে প্রজননকর্মীরা বা‌ড়ি‌তে গি‌য়ে সেবা দিয়ে থাকেন।”

এ বিষ‌য়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন  বলেন,“আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রঞ্জন ভৌমিক/এসএন

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু
ছবি: সংগৃহীত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫টি স্টল প্রদর্শন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।

আগামী ২০ জুন শেষ হবে এ মেলা। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

মাহফুজুর রহমান/এসএন

কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু
নিহত আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

গাছের পাকা কাঁঠালকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুষিতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 বুধবার (১৭ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় ছেলে আলম (৩৫) ও তাঁর স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত আব্দুর রাজ্জাক (৭০) সদর উপজেলার বড় খাপন গ্রামের বাসিন্দা। তবে কয়েক বছর আগে তিনি চৌধুরীহাটি গ্রামে একটি বাড়ি কিনে সেখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলম ও তার স্ত্রী রেখা বেগম পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গাছ থেকে পেড়ে আনা পাকা কাঁঠাল বাবা-মাকে না দেওয়াকে কেন্দ্র আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগমের বড় ছেলে মো. আলম ও পুত্রবধূ রেখার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।তর্ক-বিতর্কের একপর্যায়ে আলম তাঁর বাবাকে কিল-ঘুষি মারেন। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শাহেদা বেগমের অভিযোগ, তার ছেলে আলমের আক্রমণের কারণেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। কিল-ঘুষি মারতে মারতে আব্দুর রাজ্জাকের গলাচেপে ধরে আলম। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনেরা জানায়, আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে রয়েছে। বড় ছেলে আলম বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ের বয়স প্রায় ১৫ বছর এবং ছোট মেয়ের বয়স ৭ বছর। ছোট ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আলম ও তার স্ত্রী রেখার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসলিমা আক্তার মিতু/এসএন

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা
ছবি: খবরের কাগজ

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা -দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫টি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজু/আমান