মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ। এর আগে সোমবার (১৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কবরস্থানের পাশেই একটি পানির ট্যাংকের নির্মাণকাজ চলছিল। এ সময় শ্রমিকরা কবরস্থানের প্রধান গেট খোলা দেখতে পেয়ে সন্দেহ হলে ভেতরে গিয়ে দেখতে পান, কয়েকটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। পরে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানানো হলে কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন কবরগুলোতে কোনো কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেতিলা-মিতরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন জানান, চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। সবাইকে গত ৫ থেকে ৭ মাসের মধ্যে দাফন করা হয়েছিল।
ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কবরস্থান কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আসাদ/মেহেদী/