ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা

হজ শেষে চট্টগ্রামে প্রথম ফ্লাইটে ফিরলেন ৪১৩ হাজি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৫, ০৩:১৫ পিএম
হজ শেষে চট্টগ্রামে প্রথম ফ্লাইটে ফিরলেন ৪১৩ হাজি
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে। ছবি: খবরের কাগজ

পবিত্র হজ পালন শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রথম ফ্লাইটে ফিরেছেন ৪১৩ হাজি।  

মঙ্গলবার (১৭ জুন) সকালে এই বিমানবন্দর দিয়ে ফেরেন তারা। 

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে এ বছর ৫ হাজার ১৮৮ হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ নামের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৩ হাজি নিয়ে বিমানবন্দরে অবতরণ করে।’

এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা।

চলতি মৌসুমে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হয় শনিবার (৩ মে)। সেদিন বিকাল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায়। প্রথম এই হজ ফ্লাইটটি সৌদি আরবের সময় রাত ৯টা ৪৫ মিনিটে পৌঁছায়। 

চট্টগ্রাম থেকে এ বছর মোট ৫ হাজার ১৮৮ হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। 

গত বছর হজ পালনের জন্য যায় ৮ হাজার ধর্মপ্রাণ মুসলমান। অপরদিকে ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে যান। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা ছিল প্রায় ১২ হাজার।

তারেক/পপি/

টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন
ছবি: সংগৃহীত

দারিদ্র্য কখনো কখনো মানুষের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তেমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বান্দরবানের দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থী উখ্যাইংওয়ং মারমা। দীর্ঘ সংগ্রাম, কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে তিনি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর বিবিএ (মার্কেটিং) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তার উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম চান্দা হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা উখ্যাইংওয়ং মারমা। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। জীবনের অনেকটা সময় তিনি সরকারি শিশু সদনে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তিনি কখনো শিক্ষা অর্জনের স্বপ্ন থেকে সরে যাননি।

উখ্যাইংওয়ং জানান, ২০২৩ সালে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪.৬১ অর্জন করেন। পরে ২০২৫ সালে হাটহাজারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। ধারাবাহিক এই সাফল্যের ফল হিসেবে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় ৩৫৩৯তম স্থান অর্জন করেন এবং বিবিএ (মার্কেটিং) বিভাগে ভর্তির সুযোগ পান।

কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ভর্তি ফি, আবাসন, যাতায়াতসহ প্রাথমিক খরচ মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় এখনো ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তিনি।

কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে উখ্যাইংওয়ং বলেন, "পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে নিজের মেধা আর পরিশ্রমের ওপর ভর করে এতদূর এসেছি। কিন্তু এখন অর্থের অভাবে যদি ভর্তি হতে না পারি, তাহলে শুধু আমার নয়, আমার বাবা-মায়েরও বহুদিনের স্বপ্ন ভেঙে যাবে। আমি চাই পড়াশোনা করে সমাজ ও দেশের জন্য কিছু করতে।"

স্থানীয় সচেতন মহল মনে করেন, উখ্যাইংওয়ং মারমার মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের নৈতিক দায়িত্ব। সামান্য আর্থিক সহায়তা একটি মেধাবী তরুণের জীবন বদলে দিতে পারে এবং তাকে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বর্তমানে উখ্যাইংওয়ং মারমা তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি, দাতা সংস্থা ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হলে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে পারে।

মেধা ও ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও যেন অর্থের অভাবে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে না যায়— এমনটাই প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

রিজভী রাহাত/নাঈম

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫১ পিএম
রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
অভিযুক্ত মাসুদ খান/ ছবি: খবরের কাগজ

রাজবাড়ীতে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আপন ফুফাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে অভিযুক্ত মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, কোরবানীর ঈদের আগে মাসুদ খান শ্বশুরবাড়ি বেড়াতে যায়। ২৭ মে শিশুটিকে ঘরে রেখে তার মা বাইরে কাজ করতে যাওয়ার সুযোগে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ২ জুন তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার একমাত্র আসামি মাসুদ মন্ডলের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানী ঢাকার ডিএমপির হাতিঝিল থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

সুমন/আমান

কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
শহিদুল্লাহ রাসেল। ছবি: সংগৃহীত

মাদকসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি ও যুবদলকর্মী শহিদুল্লাহ রাসেল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে কারা পুলিশের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত শহিদুল্লাহ রাসেল কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি খন্দকার বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

জানা যায়, গত ১০ মে বিকেলে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড়া গ্রাম থেকে ১০২ পিস ইয়াবাসহ রাসেলকে গ্রেপ্তার করে লালমাই থানা পুলিশ। পরদিন ১১ মে আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় তিনি কাশি ও নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯ মে কারা হাসপাতালের চিকিৎসক তাকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অবস্থার অবনতি হলে বুধবার সকাল ৯টায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, রাসেল কারাগারে আসার আগ থেকেই নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। পূর্ববর্তী চিকিৎসা নথির আলোকে কারা চিকিৎসকরা তার চিকিৎসা নিশ্চিত করেন এবং নিয়মিত ফলোআপে রাখেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক শকে রাসেলের মৃত্যু হয়। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জহির শান্ত/এসএন

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৭ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:২৯ পিএম
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে শের আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর/আমান

কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৯:২২ পিএম
কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটের রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে পড়ার কারণে রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টের দিকে রেললাইন থেকে বালু সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেলযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টে রমনা লোকাল ট্রেন‌টি তিস্তার অ‌ভিমু‌খে রওয়ানা ক‌রে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার পর পুরো রেলপথ ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

রেল চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে দেখা যায়। আকস্মিক এ পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে।

কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর ট্রাক ও বালু অপসারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টের দিকে রেললাইন সম্পূর্ণ সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

সিরাজ/নাঈম