ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন শতবর্ষী মা আমিরুল নেছা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ জুন) দুুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১০ বছর বয়সের আমিরুল নেছা বাদী হয়ে তার ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন। তবে এর পর থেকে মামলা তুলে নিতে বৃদ্ধা মা আমিরুল নেছাকে বারবার হুমকি দিচ্ছেন ইউনুস মোল্লা। এমনকি বড় ভাই আনোয়ার মোল্লা, মাসুদ মোল্লাকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন ইউনুস মোল্লা।
এদিকে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করা হলেও প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন ইউনুস মোল্লা। ঝালকাঠি এলজিইডির গাড়িচালক পদে কর্মরত ইউনুস মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে শতবর্ষী মা আমিরুল নেছা খবরের কাগজকে বলেন,‘ছেলের বিরুদ্ধে মামলা করে আজ আমি নিরাপত্তাহীনতায় আছি। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।'
মামলা সূত্রে জানা গেছে, আমিরুল নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা তার ছোট ছেলে ইউনুছ মোল্লার কাছে জমা রাখেন। গত ১২ জুন চিকিৎসার জন্য এ টাকা চাইতে গেলে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে মাকে লাথি মারেন ইউনুস মোল্লা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা করা হয়।
অভিযুক্ত ইউনুস মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার স্ত্রী ফোন রিসিভ করেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আদালতের নথি আমরা এখনও হাতে পাইনি। নথি পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সুইট/মেহেদী/