ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক ওয়াসিম আকরাম নিহত হন গত ১১ এপ্রিল। আর তার মরদেহ স্বজন ও পরিবারের কাছে হস্তান্তর করা হয় গতকাল শনিবার (৫ জুলাই)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটেলিয়নের দীর্ঘ প্রচেষ্টায় নিহত ওয়াসিম আকরামের (২৮) মরদেহ দেশে ফিরেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত ওয়াসিম আকরাম (২৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
বিজিবি খবরের কাগজকে জানান, চলতি বছরের ১১ এপ্রিল ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি তার ছেলে ওয়াসিম আকরামের বলে দাবি করেন। ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।
পরে মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করেন ওয়াসিমের বাবা রমজান আলী। আবেদনের প্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই যুবকের মরদেহ ফেরতের উদ্যোগ নেয়।
পরে শনিবার দুপুর ১টার দিকে মেইন সীমান্ত পিলার ৬০ এর কাছে বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়াসিমের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।
নিহত ওয়াসিম আকরামের বাবা রমজান আলী (৬০) এবং তার বড় ভাই মেহেদী হাসান (৩৫) মরদেহ গ্রহণ করেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে ওয়াসিম আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাহফুজ/অমিয়/