পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামবাসীর হামলায় আহত একটি কালসাপকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’। সাপটির শরীরে গুরুতর আঘাতের প্রমাণ মিললে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গত বুধবার (৯ জুলাই) সকালে আমতলী উপজেলার পূজাখোলা এলাকার দফাদার বাড়ির পাশে লাঠি দিয়ে পেটানোর সময় সাপটি গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করেন সংগঠনের সদস্যরা। পরে রাত ১০টার দিকে পৌরসভার শংকর এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে এক্সরে করানো হয়। এক্সরে প্রতিবেদনে দেখা যায়, সাপটির শরীরের মাঝ বরাবর হাড়ে চিড় ধরেছে।
‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিকের সহায়তায় আহত সাপটির এক্সরে করা সম্ভব হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে ঢাকায় পাঠানো হয়েছে যাতে বিশেষায়িত চিকিৎসা দেওয়া যায়।
কলাপাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মারুফ বিল্লাহ খান বলেন, ‘সাপটির শরীরে লাঠির আঘাতের কারণে হাড়ে আঘাত লেগেছে। সঠিক চিকিৎসা পেলে এটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।’
সবুজ, লাল ও কালো রঙের ডোরাকাটা এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। দেশে এ ধরনের উদ্যোগ বিরল হওয়ায় সচেতন মহল প্রাণী সুরক্ষায় এ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।
হাসিবুর রহমান/সুমন/