দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় বরিশাল নগরীর অন্যমত বাণিজ্যিক এলাকার প্রবেশ পথ পোর্ট রোডটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। ব্যবসায়ীরা প্রতিবাদ হিসেবে সড়কের একাংশে আনারসের মূলসহ বিভিন্ন সবজি রোপণ করেন।
রবিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ অ্যাগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বরিশাল পোর্টরোড ফল ও আড়তদার সমিতির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন পোর্টরোড ফল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান জাকির। মানববন্ধনে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা পোর্ট রোডের একাংশে আনারসের মুড়া (মূল) রোপণ করেন।
ফল ও আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান জাকির বলেন, বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বাজার রোড, পেঁয়াজপট্টি, আদার পট্টি, ফলপট্টি, বৃহত্তর মাছের পাইকারি বাজার, কলাপট্টি, লোহাপট্টি, মরিচপট্টি এলাকা। এই সব এলাকায় বৃহত্তর পাইকারি আড়ত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের মালামাল আনা নেওয়ার জন্য ছোট-বড় কয়েক শ ট্রাক চলাচল করে। পাশাপাশি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজিসহ নানা ধনের পরিবহন চলাচল করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। অথচ নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার সড়কটি সংস্কার করা হচ্ছে না।