চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল, পিস্তলের গুলি, চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাতে র্যাবের এ অভিযান চালানো হয়।।
গ্রেপ্তাররা হলেন- বোরহান উদ্দিন, শাস্ত্র মজুমদার, আল আমিন, মো. মারুফ, মিজানুর রহমান, রোকন উদ্দিন, মো. অন্তর, খড় পাল, মো. রাহাত ও মো. ফরহাদ।
পুলিশ ও র্যাব-৭ জানায়, 'সোমবার বিকেলে সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইস্যা) তার সহযোগীদের নিয়ে ফরিদার পাড়া এলাকায় শোডাউন দেয়।
এ সময় তারা প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে গুলি করতে থাকে। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশ ও র্যাবকে খবর দিলে তার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
র্যাবের উপ-পরিচালক মেজর সাদমান সাবিক বলেন, 'সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে শটগানের কার্তুজ, পিস্তলের তাজা গুলি, ইলেকট্রিক শক মেশিন, দেশে তৈরি চোলাই মদ, গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁন্দগাও থানায় সোপর্দ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, 'আসামিরা চাঁন্দগাও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। এরা বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) তাদের কোর্ট হাজতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেদী/