নোয়াখালী হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে নিজ বাড়িতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাঁতী দলের সভাপতিকে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
বহিষ্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে আটক হন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও আলাউদ্দিন বেদন সম্পর্কে শালা দুলাভাই।
আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। এসময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়িতে পালিয়ে ছিলেন।
এই বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি, দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের চিঠি
হানিফ উদ্দিন সাকিব/মাহফুজ