সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৩৫ বারকি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে এ অভিযানে পাঁচটি বোমা মেশিন ও ২০টি বালুবোঝাই নৌকা ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এর আগে গত ২৭ জুলাই খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের সরাসরি অভিযানে ৫০টি বারকি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালুবোঝাই ৩৫টি বারকি নৌকা ডুবানো, ২০টি বালুবোঝাই ইঞ্জিন নৌকা এবং পাঁচটি বোমা মেশিন (ড্রেজার) বিনষ্ট করা হয়।
অভিযাানে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের এ অভিযান হয়েছে। অভিযানে ২০টি নৌকা ধ্বংস ও ৫টি মেশিন ধ্বংস করা হয়েছে।’
অভিযানে ৩৫টি বারকি নৌকা ডুবিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অবৈধভাবে উত্তোলিত বালু ফেলে দিতে নৌকাগুলো ডুবানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’